দলীয় সাংসদদের ক্ষোভের মুখে গণশিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তদ্বির ও সুপারিশ আমলে না নেওয়ায় সরকারদলীয় কিছু সাংসদের ক্ষোভের মুখে পড়েন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন। গতকাল সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে মাগরিবের বিরতির সময় সংসদের ভেতরেই এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের বিরতি ঘোষণার পরপরই প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে আট থেকে ১০ জন নারী সাংসদসহ প্রায় ১৫ থেকে ২০ জন সাংসদ ঘিরে ধরেন। তাঁরা মন্ত্রীর কাছে জানতে চান, তাঁদের তালিকা অনুযায়ী কেন নিয়োগ হলো না? এলাকার লোকজনের কাছে তাঁদের কেন হেয়প্রতিপন্ন করা হলো? এ সময় কয়েক জন সাংসদ মন্ত্রীকে গালাগালিও করেন। ওই অবস্থা থেকে মন্ত্রীকে উদ্ধার করেন হুইপ নূর আলম চৌধুরী। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে মন্ত্রীকে নিয়ে লবিতে চলে যান।