দলীয় সিদ্ধান্ত অমান্য, ঝিনাইদহে আ.লীগের দুই নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় ঝিনাইদহে বর্তমান সাংসদসহ আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আজম খান চঞ্চল এবং শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নায়েব আলী জোয়ারদার।
গত শুক্রবার জেলা আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঝিনাইদহ-১ ও ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের বিরুদ্ধে নায়েব আলী জোয়ারদার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে যুবলীগের কেন্দ্রীয় নেতা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নবী নেওয়াজকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর বিপরীতে বর্তমান সাংসদ শফিকুল আজম খান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।