খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় মোশারফ হোসেন নামের জেলা বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করায় বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা কামালকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:দীঘিনালা (খাগড়াছড়ি) : মোশারফ হোসেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। ৬ জুন জেলা বিএনপির এক জরুরি সভায় তাঁকে দলের দলের সিদ্ধান্তের বাইরে কাজ করার অভিযোগে দলীয় ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে দল থেকে বহিষ্কারের কথা অস্বীকার করে বলেন, মোশারফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সত্য, তবে নির্বাচনকে কেন্দ্র করে নয়।মোশারফ হোসেনের দুটি মুঠোফোন বন্ধ থাকায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এর আগে এ প্রতিবেদকের কাছে বলেছিলেন, তিনি কোনো দলীয় সমর্থিত প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছেন না। মেরুং দক্ষিণবাসী তাঁকে দলমত-নির্বিশেষে প্রার্থী করেছে এবং এলাকাবাসীর খরচেই নির্বাচন করছেন।হাজীগঞ্জ (চাঁদপুর) : হাজীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান মিয়াজির স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা গেছে, বিএনপির ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড বাস্তবায়ন না করা ও উপজেলা বিএনপির নেতাদের দিকনির্দেশ না মানায় তাঁকে দলীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে, বাকিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান এম এ নাফের শাহ ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান। বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা কামাল দলের বিদ্রোহী প্রার্থী এম এ নাফের শাহর পক্ষে কাজ করেন বলে জানা গেছে।মো. মোস্তফা কামাল বলেন, ‘যিনি আমাকে দায়িত্ব থেকে অব্যহত দিয়েছেন, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তাঁর নেই। তা ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় নির্বাচন নয়।’উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা কামালকে অব্যাহতি দেওয়ার কথা নিশ্চিত করেছেন।