দলীয় স্বার্থে কাউকে রাষ্ট্রপতি করা হলে সংকট ঘনীভূত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় স্বার্থে কাউকে রাষ্ট্রপতি করা হলে আগামী নির্বাচন নিয়ে যে সংকট চলছে, তা আরও ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ ও বিএনপি নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি করেছিল। এবারও সে ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এ আহ্বান জানান। অল কমিউনিটি ফোরাম নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।আগামী নির্বাচনের সময় রাষ্ট্রপতির ভূমিকাই মুখ্য হবে—এই মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, ‘সে জন্য সবার আস্থাভাজন ও নিরপেক্ষ কাউকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া উচিত।’ তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর বিএনপি শোক পালন করেছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিএনপি বঙ্গভবনে গেলে সরকারের পক্ষ থেকে সামান্যতম সৌজন্য দেখানো হয়নি।