দলীয়করণকারীদের জ্বালাতে আরও কিছুদিন বেঁচে থাকব: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার সকালে রাজধানীর ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় দুর্নীতি ও দলীয়করণের কড়া সমালোচনা করে কামাল হোসেন এসব কথা বলেন।
গতকাল শনিবার সকালে রাজধানীর ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় দুর্নীতি ও দলীয়করণের কড়া সমালোচনা করে কামাল হোসেন এসব কথা বলেন।

গণফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, যারা দুর্নীতি ও দলীয়করণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তাদের জ্বালানোর জন্য তিনি আরও কিছুদিন বেঁচে থাকবেন। এর জন্য নেতা-কর্মীদের আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন তিনি।
গতকাল শনিবার সকালে রাজধানীর ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় দুর্নীতি ও দলীয়করণের কড়া সমালোচনা করে কামাল হোসেন এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, ‘সকালে চোখের অসুখের জন্য ডাক্তারের কাছে গেছি। সুখবর হচ্ছে, ওষুধ দিলে সেরে যাবে। হাসপাতালে গেলে আপনারা নিরাশ হতে পারেন যে, বোধহয় শেষ পর্যন্ত গেলই বুঝি। এটা শুনে অনেকে খুশিও হতেন, আমি তাদের খুশি করতে চাই না। যারা দুর্নীতি ও দলীয়করণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তাদের জ্বালানোর জন্য আমি আরও কিছুদিন বেঁচে থাকব।’
৫ জানুয়ারির নির্বাচনের সমালোচনা করে কামাল হোসেন বলেন, ‘পাঁচ বছরে একবার ভোট দেওয়ার সুযোগ পাই। এবার তাও পাইনি।’ তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন সংকট আরও বাড়িয়ে দিয়েছে। একজন রিকশাওয়ালার কাছেও এ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। এ ধরনের নির্বাচিত সদস্যদের নিয়ে সংসদ গঠিত হলে সাংবিধানিক প্রশ্নের সম্মুখীন হতে হবে।
নির্বাচনে অল্পসংখ্যক ভোটারের উপস্থিতির উল্লেখ করে গণফোরামের সভাপতি বলেন, ‘আমাদের দেশের মানুষ কি নির্বাচনবিমুখ? সেদিন কি সবাই পিঠা খাওয়ার জন্য বাসায় থেকেছে? আমি মোবারকবাদ জানাই দেশের ১৬ কোটি মানুষ, নয় কোটি ভোটারকে। জনগণ যে অবস্থান নিয়েছে, এর জন্য তারা সারা পৃথিবীতে শ্রদ্ধা অর্জন করেছে। এ ধরনের নির্বাচন আমরা ভবিষ্যতে হতে দেব না।’
কামাল হোসেন বলেন, ‘যেনতেনভাবে ক্ষমতায় যাওয়া আমাদের লক্ষ্য নয়। আমরা বড় দলে ছিলাম। কেউ আমাদের বের করে দেয়নি। সরে এসেছিলাম, কারণ বড় দলের ভেতরে বড় বড় দোষ, ঘাটতি ঢুকে যাচ্ছে। টাকা, পেশিশক্তির ওপর নির্ভরতা বেড়ে গেছে এবং রাষ্ট্রীয়যন্ত্রকে মনে করা হচ্ছে দলীয় ব্যাপার।’ তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনী কোনো দলের হতে পারে না। কেউ ১০০ পার্সেন্ট সিট নিয়েও যদি সংসদে বসে, তাহলেও পুলিশ বাহিনী কোনো দলের বাহিনী হতে পারে না।
দলের নেতাদের উদ্দেশ করে গণফোরামের সভাপতি বলেন, অতীতের কথা বাদ দিয়ে ভবিষ্যতে কোনো এক ব্যক্তির ওপর ভরসা করবেন না। এ জিনিসটা অভিশাপ হয়ে গেছে। এটা দক্ষিণ এশিয়ার একটা বড় দুর্বলতা। তিনি বলেন, ‘দুঃখের বিষয়, আজ ভারতবর্ষেও উত্তরসূরিরা প্রশ্নের সম্মুখীন। উত্তরসূরিদের এ লড়াই আমরা দেখতে চাই না। তবে যোগ্যতার ভিত্তিতে, মানুষের সমর্থন নিয়ে কেউ এলে “আলহামদুলিল্লাহ”।’
সরকারকে উদ্দেশ করে কামাল হোসেন বলেন, ‘আমরা কোনো আলটিমেটাম দিতে চাই না। ১৬ কোটি মানুষ ও নয় কোটি ভোটারের অংশগ্রহণে নির্বাচন হোক। এর মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক দেশ দেখতে চাই। যে গণতন্ত্র সংবিধানে লিখেছিলাম, সে কার্যকর গণতন্ত্র দেখতে চাই।’
সভায় সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামপ্রদায়িকতা মোকাবিলা করার আহ্বান জানান গণফোরামের সভাপতি।
সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নেতা মোস্তফা মহসীন মন্টু, আবদুল আজিজ, সগীর আনোয়ার, নওয়াব আলী প্রমুখ।