বিচারব্যবস্থা, তদন্ত সংস্থা কোনোটিই প্রশ্নের ঊর্ধ্বে নয়। সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণের আওতায় হওয়ায় সবগুলোই এখন প্রশ্নবিদ্ধ।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে ‘রাজনৈতিক ঐক্য ও জবাবদিহিমূলক প্রশাসন দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
সেমিনারে বক্তারা বলেন, যে দলই ক্ষমতায় থাকুক, প্রশাসন-পুলিশ-বিচারব্যবস্থা-দুদকসহ সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেন, দুর্নীতি প্রতিরোধে ও দুদককে শক্তিশালী করতে এর সাংবিধানিক রূপ প্রয়োজন। কিন্তু বর্তমানে আইনের প্রয়োগকে রাজনৈতিকীকরণ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো পক্ষ নিচ্ছে কি না, তা নিয়েও জনগণের মনে প্রশ্ন আছে।
সেমিনারে ওসমান ফারুকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুদকের অভিযানের সঙ্গে সরকারের কোনো ভূমিকা নেই। কোনো পক্ষ থেকে দুদক সিগন্যাল পেয়ে কাজ করে না। দুদক স্বতঃপ্রণোদিত ও নিরপেক্ষ হয়ে কাজ করে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, প্রশাসন এখন পুরোপুরি দলীয়করণের আওতায়। নিয়োগ-বদলি-পদোন্নতি-পদাবনতি সব কিছুই স্বচ্ছ ও নিয়ম অনুসারে না হলে প্রশাসন কখনো দলীয়করণ থেকে মুক্ত হতে পারবে না।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, পত্রিকাতে ভুল সংবাদ প্রকাশ হলে সরকারের প্রতিবাদ হয় দ্রুত, কিন্তু সত্য সংবাদগুলোর জন্য সরকার কোনো পদক্ষেপ নেয় না। রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন না হলে, কিছুই হবে না।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বর্তমানে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে গেছে যে, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা?’ এমন অবস্থা।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘ইলেক্টরাল করাপশনের মাধ্যমে দেশে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। কিছু ব্যবসায়ীরা রাজনীতিতে এসে রাজনীতিকেই তারা ব্যবসায় পরিণত করেছেন।’
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ইকরাম আহমেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য সবাইকে শিক্ষার আলোয় আনা দরকার।
বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন ও নাসিরউদ্দীন আহমেদ, সচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাংসদ মমতাজ বেগম, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, আমিরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, নাট্যকার মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ।