গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দিনবদলের কথা বলে নিয়োগ-বাণিজ্য ও ভর্তি-বাণিজ্যের নতুন ধারা জন্ম দেওয়া কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, চাল, তেল, আটা, চিনি, পেঁয়াজসহ প্রতিটি জিনিসের দাম বাড়ায় জনগণের ওপর দুর্ভোগ নেমে এসেছে।গতকাল বুধবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী পরিষদের সভায় সভাপতির ভাষণে কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ‘পাবনা, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাদের ওপর সরকারি দল ও এর সহযোগী সংগঠনের নেতাদের অবৈধ চাপ প্রয়োগ ও আক্রমণ এবং সংবাদমাধ্যমের বিরুদ্ধে সংসদে বসে সাংসদদের ক্ষোভ প্রকাশের ঘটনায় জাতি গভীরভাবে উদ্বিগ্ন। এর আগে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের সময় সরকারি দলের একশ্রেণীর নেতাকে নিয়োগ-বাণিজ্যে লিপ্ত থাকতে দেখা গেছে। আমরা অবিলম্বে দলীয়করণের সব ধারা বন্ধ করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’গণফোরামের নেতা আবদুর রউফ, সামসুদ্দোহা, সাবেক হুইপ আবদুর রউফ, সুব্রত চৌধুরী, জামালউদ্দিন আহমেদ, মোস্তফা মোহসীন, মোশতাক আহমেদ, আ ও ম শফিক উল্লাহ, নওয়াব আলী, জগলুল হায়দার, সাইদুর রহমান প্রমুখ সভায় বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।