দলে একজনের বেশি মনোনয়ন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে রাজনৈতিক দল থেকে একজনের বেশি প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাবে না। দল থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে সব বাতিল হয়ে যাবে। সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তি ও সাংসদেরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না।

সংশোধিত নির্বাচন পরিচালনাবিধি ও নির্বাচনী আচরণবিধিতে এসব কথা বলা হয়েছে। এই বিধি অনুযায়ী প্রার্থী মনোনয়ন কর্তৃপক্ষের নাম জানানোর জন্য গতকাল বুধবার কমিশন থেকে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দলের প্রার্থী মনোনয়ন দেবেন। ক্ষমতাপ্রাপ্ত এই ব্যক্তির নাম, পদবি ও নমুনা সই ২৮ নভেম্বরের (আগামী শনিবার) মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও কমিশনের কাছে পাঠাতে হবে। রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের সময়ে দলীয় প্রার্থীর মনোনয়নপত্রে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও সই যাচাই করে দেখবেন।

জানতে চাইলে কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. শাহাজান প্রথম আলোকে বলেন, সংসদ নির্বাচনের আলোকে আইন করা হলে দলীয়ভাবে যাঁরা মনোনয়নপত্র জমা দেবেন, চূড়ান্ত পর্যায়ে একজন ছাড়া বাকিদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। এ নিয়ে মাঠপর্যায়ে রাজনৈতিক হানাহানি শুরু হতে পারে। এই আশঙ্কায় কমিশন এই নিয়ম করেছে। এতে দল থেকে মনোনয়ন না পেলে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।

 স্বতন্ত্র হতে ১০০ ভোটারের সই: স্বতন্ত্র প্রার্থী হতে হলে ওই ব্যক্তিকে ১০০ ভোটারের সমর্থনসূচক সই সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে দিতে হবে। প্রয়োজনে ১০০-এর বেশি সইও জমা দেওয়া যাবে। তবে কোনো ব্যক্তি আগে পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে থাকলে তাঁর ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সই লাগবে না।

মন্ত্রী-সাংসদেরা প্রচারে নামতে পারবেন না: সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারে নামতে পারবেন না। অতিগুরুত্বপূর্ণ বলতে প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, হুইপ বা তাঁদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সিটি করপোরেশনের মেয়র ও সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। তবে এদের কেউ কোনো নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন।

জনসভা করা যাবে না: রাজনৈতিক দল বা দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাঁদের পক্ষে কোনো ব্যক্তি পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না। পথসভা ও ঘরোয়া সভা করতে হলে ২৪ ঘণ্টা আগে স্থানীয় পুলিশকে জানাতে হবে। জনগণের বিঘ্ন সৃষ্টি করে পথসভা বা ঘরোয়া সভা করা যাবে না।

দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি নয়: প্রচারে প্রার্থী নিজের ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। তবে রাজনৈতিক দলের প্রার্থী পোস্টার ও লিফলেটে দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন।

প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি: কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কেউ বিধি লঙ্ঘন করলে তিনি ছয় মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। প্রার্থীর পক্ষে কোনো দল বা প্রতিষ্ঠান আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত হবে। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে কমিশন প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।

আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। এ জন্য প্রার্থীদের ৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।