প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক-এগারোর পরবর্তী সময়ে বিশ্বাসঘাতক নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অনভিজ্ঞ কিন্তু আস্থাভাজন নেতাদের মন্ত্রিত্ব দিয়ে দলের কর্তৃত্ব পুনরায় হাতের মুঠোয় আনতে সক্ষম হন। তবে এর মূল্য হিসেবে হয়তো তাঁকে তাঁর সরকারের কর্মদক্ষতার বিষয়ে বিস্তর ছাড় দিতে হয়েছে। ঢাকার মার্কিন দূতাবাসের পাঠানো তারবার্তায় এমন মন্তব্য করা হয়েছে।২০০৩ সালের ৩ আগস্ট মার্কিন মিশনের ডেপুটি চিফ নিকোলাস জে ডিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তাটি পাঠান। গত ৩০ আগস্ট ওই বার্তা প্রকাশ করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস।তারবার্তায় বলা হয়, ২০০৯ সালের ৩০ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যখন দলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেন, তখনই সবার কাছে এটা পরিষ্কার হয়ে যায়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশ্বাসঘাতকতা করা নেতাদের ব্যাপারে শেখ হাসিনা ‘ক্ষমা করলাম, তবে ভুলব না’ নীতি থেকে সরে এসেছেন। নতুন কমিটি ঘোষণার পর দেখা গেল, দলের প্রেসিডিয়াম থেকে চারজন জ্যেষ্ঠ নেতাকে বাদ দেওয়া হলো। কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়লেন মধ্যম সারির বেশ কিছু নেতা।নতুন কমিটি ঘোষণার পরের দিনই হাসিনা তাঁর মন্ত্রিসভায় নতুন ছয়জন সদস্যকে নিয়োগ করেন এবং চারজন মন্ত্রীর দায়িত্বে অদলবদল আনেন। জানুয়ারিতে অপ্রত্যাশিত নেতাদের মন্ত্রিসভায় নিয়োগ দিয়ে তিনি যে চমক সৃষ্টি করেছিলেন, দলের নতুন কেন্দ্রীয় কমিটি ও মন্ত্রিসভার নিয়োগ দিয়ে তিনি সেই চমক প্রদর্শনের ধারা অব্যাহত রাখলেন।মার্কিন কূটনীতিক তাঁর পাঠানো বার্তায় আরও বলেন, বেশির ভাগ পর্যালোচক একমত, দলের কর্তৃত্ব হাতের মুঠোয় রাখতে শেখ হাসিনা অনভিজ্ঞ তবে অনুগত ও আস্থাভাজন নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন। আর এটা করতে গিয়ে হয়তো তাঁকে সরকারের কর্মদক্ষতা প্রদর্শনের বিষয়ে ছাড় দিতে হয়েছে।তারবার্তায় নিকোলাস জে ডিন মন্তব্য করেন, দলের বর্ষীয়ান ও অভিজ্ঞ অনেক নেতাকে মন্ত্রিসভা এবং কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দিয়ে নতুন ও নির্বাহী কাজে অনভিজ্ঞ নেতাদের মন্ত্রিসভায় এনে হাসিনা বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। একই সঙ্গে তিনি দেশ ও দেশের বাইরে এই বার্তা পাঠিয়েছেন, দলের সর্বময় ক্ষমতা তাঁর হাতের মুঠোতেই রয়েছে। তিনি লিখেছেন, ‘আমরা মনে করি, চারপাশে অনুগত ও তল্পিবাহকদের রেখে হাসিনা ঝুঁকি নিয়েছেন। এসব নেতা তাঁর বিরুদ্ধে কথা বলতে চাইবে না। তিনি ভুল করলেও তা তারা শুধরে দেওয়ার জন্য এগিয়ে আসবে না।’আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘নেত্রী কাউন্সিলে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তা-ই মাথা পেতে নিয়েছি। তিনি আমাদের যে দায়িত্ব দিচ্ছেন, তা পালন করছি। তবে বিষয়টি একেবারেই সাময়িক। একসময় হয়তো তিনি ভাববেন এবং একটা সমাধান করবেন।’আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, এক-এগারোর পর একঝাঁক তারকা-বলয় কক্ষচ্যুত হয়েছে, একঝাঁক তারকা-বলয় সৃষ্টি হয়েছে। আর তখনকার পরিস্থিতি এবং জ্যেষ্ঠ নেতাদের ভূমিকা সবারই জানা। তিনি বলেন, ‘তবে আমার মনে হয়, জ্যেষ্ঠ নেতাদের অভিজ্ঞতা অপরিহার্য। তাঁদের ভূমিকাও বাড়ছে। তাঁদের বাদ দেওয়া নয়, বরং দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।’