
গত ৩১ ডিসেম্বর পুরান ঢাকার লালবাগ ও চকবাজার এলাকায় সরেজমিনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলেই বোঝা যাচ্ছিল, ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনের অবস্থা খুব ভালো নয়। বিদ্রোহ করে একই দলের ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোটের মাঠে চাপে পড়ে যান মোস্তফা জালাল।
নির্বাচনের ফলাফলে দেখা গেল, সেলিমের কাছেই ধরাশায়ী হলেন মোস্তফা জালাল। বিরোধী দলবিহীন ‘একতরফা’ নির্বাচনেও ক্ষমতাসীন দলের প্রার্থীর হেরে যাওয়ার নেপথ্যে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিভেদ, জালালের সঙ্গে নেতা-কর্মীদের দূরত্ব সৃষ্টি হওয়াসহ বেশ কিছু কারণ কাজ করেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকার মানুষের সঙ্গে কথা বলে এসব কারণ জানা গেছে।
এ আসনে মোট ভোটার তিন লাখ এক হাজার ২৮৯ জন। এর মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী হাজি সেলিম পেয়েছেন ৪২ হাজার ৭২৮ ভোট। হেরে যাওয়া মোস্তফা জালাল পেয়েছেন ৩০ হাজার ৭৩৩ ভোট।
সরকারদলীয় প্রার্থী হেরে যাওয়ার কারণে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক মোস্তফা জালালের ঘনিষ্ঠ সাবেক এক ছাত্রলীগ নেতা প্রথম আলোকে বলেন, কয়েকটি কারণে মোস্তফা জালাল হেরেছেন। প্রথমত, গত পাঁচ বছরে ক্ষমতায় থাকাকালীন মোস্তফা জালালকে ঘিরে রাখেন কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা; যাঁদের কারণে দলের সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে মোস্তফা জালালের দূরত্ব সৃষ্টি হয়। আবার দলের ঢাকা মহানগর শাখার বড় নেতা হয়ে হাজি সেলিম দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করলেও দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এ জন্য স্থানীয় অনেক নেতা-কর্মী ধরে নেন, হাজি সেলিম জিতলেও মূলত আওয়ামী লীগই জিতবে। এ বিষয়টি এলাকায় প্রচারও হয়। ফলে অনেক নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করেছেন। হয়তো দেখা গেছে, পদধারী কোনো নেতা প্রকাশ্যে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করলেও ওই নেতার ভাই কিংবা অন্যান্য নিকটাত্মীয় কাজ করেছেন সেলিমের পক্ষে। এসব কারণ আওয়ামী লীগের দলীয় ভোটের প্রায় ৭০ ভাগই সেলিমের পক্ষে গেছে।
আওয়ামী লীগ সূত্র ও ওই এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, হাজি সেলিম নানা কর্মকাণ্ডে বিতর্কিত হলেও বিভিন্ন সময় স্থানীয় অনেককে টাকাপয়সা দিয়ে সাহায্য করেন। এসব কারণে বিশেষ করে আর্থিকভাবে দুর্বল অনেকে তাঁর পক্ষে কাজ করেছেন। এ ছাড়া পুরান ঢাকার আদি কিছু পরিবারও হাজি সেলিমকে ভোট দিয়েছে। হাজি সেলিম নির্বাচনে অনেক টাকাও খরচ করেছেন বলে অভিযোগ আছে। এর প্রভাবও পড়েছে ভোটে।
এলাকায় অভিযোগ আছে, মোস্তফা জালাল শিক্ষাদীক্ষায় ভালো হলেও তাঁর সঙ্গে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততা কম। তিনি সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কম মেশেন। এর প্রভাবও পড়েছে ব্যালটে। এসব কারণে একতরফা নির্বাচনেও হেরে গেছেন মোস্তফা জালাল মহিউদ্দিন।
জানতে চাইলে মো. সেলিম বলেন, ‘দল থেকে মনোনয়ন না পেয়ে এলাকার মানুষের চাপে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জেতা খুবই কঠিন ব্যাপার। কিন্তু এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন।’
গতবার এক লাখ ৪৬ হাজার ৩৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন মোস্তফা জালাল। তাঁর নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপির নেতা (বর্তমানে কারাগারে) নাসির উদ্দিন আহম্মেদ পেয়েছিলেন ৭০ হাজার ৭৪৭ ভোট।