দলে নারী ও তরুণ নেতৃত্ব বিকাশে কাজ চলছে বলে জানিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগ। গতকাল রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ‘গণতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার: অগ্রগতি অবহিতকরণ’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
বদরউদ্দিন আহমদ বলেন, মহানগরের ২৭টি ওয়ার্ডের মধ্যে ২১টি ওয়ার্ডের কাউন্সিল ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি ওয়ার্ডগুলোতে ডিসেম্বরের মধ্যেই কাউন্সিল শেষ হবে। এরপর দলীয় সভানেত্রীর কাছে মহানগর আওয়ামী লীগের সম্মেলন করার তারিখ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দলে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক কাউন্সিল, নারী ও তরুণ নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ, গণতন্ত্র ও সংস্কারবিষয়ক কর্মশালা, দলীয় সদস্যপদ নিবন্ধন ও ডেটাবেইস প্রণয়ন করা হচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে ফয়জুর আনোয়ার, বিজিত চৌধুরী, জাকির হোসেন, তপন মিত্র, শফিউল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।