দলে নিষ্ক্রিয় ‘অতিথি সাংসদ’ সক্রিয় দুর্নীতি-অনিয়মে
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ আবদুল কাদের খানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের খাদ্যশস্য আত্মসাৎ, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এরই মধ্যে টিআর প্রকল্পের ২৭০ মেট্রিক টন খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুধু তা-ই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবৈধভাবে সভাপতি হওয়া এবং নিয়োগ-বাণিজ্যের অভিযোগে বিভিন্ন সময়ে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। আবদুল কাদের খান নির্বাচিত হওয়ার আগে থেকেই এলাকায় থাকেন না। নির্বাচিত হয়েও এলাকায় তাঁর কোনো যাতায়াত নেই। ক্লিনিক ব্যবসার জন্য তিনি বাস করেন বগুড়ায়।দুদক সূত্রে জানা গেছে, সাংসদ কাদের খান ২০০৯-১০ অর্থবছরে ৬৮টি বিশেষ টিআর প্রকল্পের বিপরীতে ২৭০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ পান। তিনি কাজ না করেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, শৌচাগার, শহীদ মিনার, মসজিদ ও মন্দির সংস্কারের নামে এসব খাদ্যশস্য উত্তোলন করে তা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের রংপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল হুদা বাদী হয়ে ২৩ আগস্ট সাংসদ আবদুল কাদের খানের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া তাঁর অপর তিন সহযোগীর বিরুদ্ধে পৃথক আরও তিনটি মামলা করে দুদক।মামলার বাদী মো. জহিরুল হুদা বলেন, সাংসদের বিরুদ্ধে মামলা করার পর দুদকের প্রধান কার্যালয়কে বিষয়টি জানানো হয়েছে। প্রধান কার্যালয় থেকে পরবর্তী তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করা হবে।মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংসদ কাদের খান প্রথম আলোকে বলেন, খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে টিআর প্রকল্পের টাকা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার করা হয়েছে। তাঁর উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বীরা দুদককে প্রভাবিত করে তাঁর বিরুদ্ধে মামলা করেছে বলে তিনি দাবি করেন। সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল হক বলেন, নিয়ম অনুযায়ী কলেজ পরিচালনা কমিটির সভায় উপস্থিত থেকে সভাপতিত্ব করার কথা কমিটির সভাপতির। কিন্তু তাঁর কলেজের সভাপতি সাংসদ কাদের খানের সঙ্গে মুঠোফোনে কথা বলে কমিটির সিদ্ধান্ত খসড়া করা হয়। তারপর কার্যবিবরণী লিখে বগুড়ায় গিয়ে তাতে সভাপতির স্বাক্ষর নিতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, সমপ্রতি কলেজে উপাধ্যক্ষ ১১ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিয়োগ-বাণিজ্যের অভিযোগ এনে উপাধ্যক্ষ পদের চারজন প্রার্থী দেলোয়ার হোসেন, সোলায়মান সরকার, নূরুল আক্তার ও আবদুল গণি সাংসদের বিরুদ্ধে মামলা করায় নিয়োগ-প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এসব কারণে কলেজটি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে।বজলুল হক আরও অভিযোগ করেন, নিয়োগ-বাণিজ্যে সহায়তা না করায় সাংসদ চলতি বছরের ৩ জুন তাঁকে সাময়িক বরখাস্ত করেন। পরে আদালতে মামলা করলে আদালত ওই আদেশের কার্যকারিতা স্থগিত করেন। সাংসদ কাদের খান ডিও লেটার দিয়ে ধুবনি কঞ্চিবাড়ী কলেজের সভাপতি হন। পরে সিরাজুল হক নামের এক ব্যক্তি অবৈধভাবে সভাপতি হওয়ার অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেন। ফলে তিনি সভাপতি থাকলেও মামলার কারণে কোনো কাজ করতে পারছেন না। শুধু তা-ই নয়, তাঁর স্ত্রী নাছিমা খানমকে বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত করেছেন সাংসদ।ধোপাডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান অভিযোগ করেন, যেসব প্রতিষ্ঠানে পদ শূন্য হয়, সাংসদ কাদের খান নিয়োগ-বাণিজ্যের জন্য সেখানেই সভাপতি হন। একই উদ্দেশ্যে তিনি উপজেলার ১১টি প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। অবশ্য সমপ্রতি মামলা-মোকদ্দমাসহ নানা কারণে কয়েকটি প্রতিষ্ঠানের সভাপতির পদ তিনি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, ২০১১ সালের ২৫ আগস্ট কাদের খান তাঁর বিদ্যালয়ে ডিও লেটারের মাধ্যমে সভাপতি হয়ে নিয়োগ-বাণিজ্যের চেষ্টা করেন। চলতি বছরের ২৩ জানুয়ারি চারটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার জন্য আদালতে মামলা আবেদন করলে তাঁর সভাপতির পদ বাতিল হয়ে যায়। আরও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা তাঁর বিরুদ্ধে একই অভিযোগ করেন। নিয়োগ-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে সাংসদ কাদের বলেন, সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ চাকরি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছে লাখ টাকা হাতিয়ে নেওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়। একই কারণে ছাপড়হাটি এফসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল মিয়াকেও সাময়িক বরখাস্ত করা হয়। এখন তাঁরা অপপ্রচার চালাচ্ছেন। সাংসদ বলেন, যেসব প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব ছিল, সেখানে সভাপতি হয়ে দ্বন্দ্বের মীমাংসা করেছেন। এ জন্য তাঁকে আটটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে হয়েছে। বর্তমানে চারটি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন।দলীয় সূত্রে জানা গেছে, নিজের দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গেও সাংসদ কাদের খানের কোনো যোগাযোগ নেই। সুন্দরগঞ্জ উপজেলা জাপার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান সরকার বলেন, ‘কাদের খান কখনোই রাজনীতি করেননি। জাপার টিকিটে সাংসদ নির্বাচিত হয়েও দলীয় কর্মকাণ্ডে তিনি নিষ্ক্রিয়। গত সাড়ে তিন বছরে দলীয় সভা-সমাবেশে কখনো তিনি উপস্থিত থাকেননি।’তবে সাংসদ কাদের খান দাবি করেন, ক্লিনিক ব্যবসা তাঁর পেশা। তাই বগুড়ায় থাকতে হয়। তবে এলাকার মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ আছে। দলের বেশির ভাগ নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ আছে।