দলে বঞ্চিত, স্বতন্ত্র হয়ে মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট ও কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। মনোনয়নপত্রও কিনেছেন তাঁরা। শেষ মুহূর্তে দলীয় মনোনয়ন না পাওয়ায় তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
জয়পুরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। আর কালাই থেকে পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম। দুটি পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন নয়জন। মনোনয়ন না পেয়ে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা কমিটির সদস্য নন্দলাল পার্শী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের কাছে দলীয় মনোনয়নের জন্য আবেদন না করলেও কালাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান ওরফে কাজল এবং জেলা যুবলীগের সহসভাপতি হেলাল উদ্দিন মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের সদস্য নন্দলাল পার্শী গতকাল বুধবার বলেন, তিনি নির্বাচন করবেন বলে দীর্ঘদিন ধরে গণসংযোগ করে আসছেন। নির্বাচন করার জন্য তিনি মানুষের সমর্থনও পেয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। যাঁরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন তাঁদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নিয়ে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান ঢাকা থেকে মুঠোফোনে বলেন, বিএনপি থেকে জয়পুরহাট পৌরসভায় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সামছুল হক। কালাইয়ে মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার।
দল থেকে মনোনয়ন না পেয়ে কালাই পৌর বিএনপির সহসভাপতি আনিছুর রহমান তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল বুধবার আনিছুর রহমান মুঠোফোনে বলেন, এবার তিনি বিএনপি থেকে মনোনয়ন পাবেন এমন আশা করেই নির্বাচনী মাঠে ছিলেন। দীর্ঘদিন ধরে প্রচারণা চালানো ও নির্বাচনী প্রস্তুতি থাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করবেন। মনোনয়নপত্রও পূরণ করেছেন। এখন শুধু জমা দেবেন।
তিনি আরও বলেন, গত পৌর নির্বাচনে মেয়র পদে সামান্য ভোটে তিনি পরাজিত হন। তখন থেকেই নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে পৌরবাসীর সঙ্গে যোগাযোগ রাখছেন।