দলে বিভক্তি নেই বোঝাতেই পরিবর্তন: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহাম্মদ এরশাদ
হুসেইন মুহাম্মদ এরশাদ

এইচ এম এরশাদ ও রওশন এরশাদের মধ্যে কোনো বিভক্তি নেই—দলের নেতা-কর্মীদের এই বার্তা পৌঁছে দিতেই মহাসচিব পদে পরিবর্তন এনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বারিধারার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমার ও রওশনের মধ্যে দূরত্ব আছে বলে জনগণ ও দলের নেতা-কর্মীরা মনে করে। নতুন মহাসচিব নিয়োগের ফলে এ ধারণা দূর হবে। এখন সবাই মনে করবে আমরা এক।’
জাপার চেয়ারম্যান বলেন, ‘আমার মনে হয় এ সরকার পাঁচ বছরই থাকবে। তাই পার্টিকে সংগঠিত করা দরকার। এর জন্য তরুণ নেতৃত্ব দরকার। বাবলু পাশে থাকলে আমরা ভালো করব।’
এরশাদ বলেন, রুহুল আমিন হাওলাদার ১৪ বছর দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। দলে তাঁর অনেক অবদান আছে। এ মুহূর্তে দলে নতুন মুখের প্রয়োজন আছে বলেই পরিবর্তন আনা হয়েছে।
কারও চাপে পড়ে মহাসচিব পরিবর্তন আনার কথাও নাকচ করেন এরশাদ।