দলের অবস্থান স্পষ্ট করতে কাল ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
দশম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, চরভদ্রাসন ও কৃষ্ণপুর ইউনিয়ন ব্যতীত সদরপুর উপজেলা) দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার জন্য কাল বৃহস্পতিবার ফরিদপুর আসছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর এক নিকটাত্মীয় প্রতিদ্বন্দ্বিতা করায় দলের অবস্থান স্পষ্ট করতে তিনি এখানে আসছেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ২২ ডিসেম্বর পাঠানো সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, ভাঙ্গা চৌরাস্তাসংলগ্ন বালুর মাঠে সকাল ১০টায় ও পাশের সদরপুর উপজেলা স্টেডিয়ামে দুপুর ১২টায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বক্তৃতা করবেন।
এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে শুধু ফরিদপুর-৪ আসনেই নির্বাচন হচ্ছে। অন্য তিনটি আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় নির্বাচন হবে না।
ফরিদপুর-৪ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছেন একজন স্বতন্ত্র প্রার্থী। তিনি প্রধানমন্ত্রীর ফুফাতো ভাইয়ের ছেলে ও হুইপ নুরে আলম চৌধুরীর ছোট ভাই চৌধুরী মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। তিনি আওয়ামী লীগের প্রার্থী দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন জানান, এই আসনে প্রধানমন্ত্রীর এক আত্মীয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোটারদের মনে সংশয় সৃষ্টি হওয়ার অবকাশ রয়েছে। ভোটারদের মনের ওই সংশয় দূর করতেই প্রধানমন্ত্রী ফরিদপুরে এসে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভায় প্রধানমন্ত্রী দলীয় প্রার্থী কাজী জাফরউল্লাহর পক্ষে ভোট চাইবেন।