দলের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় বাড়ল
রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার কমিশনের এক বৈঠকের পর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এ কথা জানান।রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার কথা। কিন্তু গত ১ আগস্ট পর্যন্ত নিবন্ধিত ৩৮টি দলের মধ্যে ১৮টিই হিসাব জমা দিতে ব্যর্থ হয়। এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রয়েছে। ওইদিন আওয়ামী লীগসহ আটটি দল ইসির কাছে সময়সীমা বাড়ানোর আবেদন জানায়।এ বিষয়ে ছহুল হোসাইন বলেন, ‘যেসব দল হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছে, তাদের দুই মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাদের আয়-ব্যয় বিবরণী জমা দিতে হবে।’ কমিশনার বলেন, সময় বাড়ানোর সিদ্ধান্তে আইনগত কোনো সমস্যা হবে না। তিনি বলেন, ‘এটি একটি নিয়মতান্ত্রিক বিষয়। দলগুলোকে একটি প্রক্রিয়ার মধ্যে আসার সুযোগ দিতে হবে।’এর মধ্যে জমা পড়া হিসাব বিবরণীগুলো ইসি পর্যালোচনা করে দেখছে বলে জানান ছহুল হোসাইন। প্রসঙ্গত, জামায়াতে ইসলামী ২১ জুলাই সময় বাড়ানোর আবেদন করলে ইসি ২৬ জুলাই তাদের চিঠি দিয়ে বলেছিল সময়সীমা বাড়ানো সম্ভব নয়। এরপর ইসি এ সিদ্ধান্ত নিল।