দলের একটি অংশ 'অসহিষ্ণু' ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল আয়োজন করা হয় তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা, শান্তি স্বর্ণপদক, বৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। কিন্তু বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠান শুরুর মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। এরপর পুরো অনুষ্ঠান হয় সিনেট ভবনের সামনে খোলা জায়গায় l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল আয়োজন করা হয় তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা, শান্তি স্বর্ণপদক, বৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। কিন্তু বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠান শুরুর মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। এরপর পুরো অনুষ্ঠান হয় সিনেট ভবনের সামনে খোলা জায়গায় l ছবি: প্রথম আলো

তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ১৯৭২ সালের শুরু থেকে তাজউদ্দীন আহমদের প্রতি দলের একটি অংশ ‘অসহিষ্ণুতা’ দেখায়। এখনো এই অবস্থার পরিবর্তন হয়নি।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে আবুল কাসেম ফজলুল হক ‘তাজউদ্দীন আহমদ ও প্রথম বাংলাদেশ সরকার’ শীর্ষক বক্তৃতা দেন। তিনি বলেন, রাজনৈতিক জীবনে তাজউদ্দীন শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর সবচেয়ে বিশ্বস্ত অনুসারী ছিলেন। অনেকে মনে করেন, তাঁর রাজনৈতিক জীবনের প্রধান দুর্বলতা বঙ্গবন্ধুর ওপর নির্ভরশীলতা। তবে একটি বড় ব্যতিক্রম মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তিনি সব রকম নির্ভরশীলতা কাটিয়ে সম্পূর্ণ স্বাধীন মনোবল নিয়ে, সহকর্মীদের নিয়ে কাজ করেছেন।
আবুল কাসেম ফজলুল হক আরও বলেন, সামরিক আক্রমণ আসন্ন জেনে শেখ মুজিব বন্দিত্ব ‘বরণ’ করেন। তাজউদ্দীন সহকর্মীদের নিয়ে প্রবাসে নিজেদের সরকার, মুক্তিবাহিনী গঠন করে নয় মাস যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। কিন্তু বঙ্গবন্ধু তাজউদ্দীন আহমদের ওপর নির্ভর করতে পারেননি। তিনি বিশ্বাস রেখেছিলেন খন্দকার মোশতাক ও শেখ ফজলুল হক মণির ওপর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ‘বন্দিত্ব বরণ’ ও ২৫ মার্চ বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দীন আহমদের ‘বিচ্ছেদ’ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একজন নেতা কখনো পালিয়ে যেতে পারেন না। ১৫ আগস্ট আক্রমণের কথা আঁচ করতে পেরেও তিনি বাড়ি থেকে পালিয়ে যাননি। দুজনের মধ্যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কোনো মনস্তাত্ত্বিক বিরোধ ঘটেনি।
তাজউদ্দীন আহমদের মেয়ে ও সাংসদ সিমিন হোসেন রিমি বলেন, বক্তা তাঁর নিজস্ব ভাবনার কথা বলেছেন। ভিন্নমত, ভিন্ন চিন্তা থাকতেই পারে। সত্য ও সুন্দরের সাধনা করতে হবে। তাহলেই বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবে রূপ পাবে।
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামালউদ্দীন। গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হলেও, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে জেনারেটর অকেজো হয়ে যায়। পরে সিনেট ভবনের সামনে অনুষ্ঠানটি করা হয়। তাজউদ্দীন আহমদের মেয়ে এবং ট্রাস্ট ফান্ডের দাতা ও প্রতিষ্ঠাতা শারমিন আহমদ বলেন, ‘তাজউদ্দীন আহমদ ছিলেন আলোর মতো। তিনি চিন্তার মুক্তির প্রতীক ছিলেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডালেম চন্দ্র বর্মণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র ও শিক্ষকেরা। অনুষ্ঠানে একজন ছাত্রকে শান্তি স্বর্ণপদক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।