গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, দলের ভেতর ঘাপটি মেরে থেকে কেউ যদি সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জমি দখল করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাঁকে ছাড় দেওয়া হবে না। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিনামূল্যের বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব (সিএফএল) বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গতকাল ৪৭ হাজার গ্রাহকের মধ্যে এক লাখ ১০ হাজার বাল্ব বিতরণ করা হয় বলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে।গৃহায়ণ প্রতিমন্ত্রী বলেন, মহাজোট সরকার সারা দেশে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিতরণের উদ্যোগ নিয়েছে। কিন্তু বিগত জোট সরকার এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন না করে সারা দেশে খাম্বা বসানোর নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদ্যুৎ সংকট সৃষ্টি করেছে। ফলে জনজীবনে নানা দুর্ভোগ নেমে এসেছে।প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে অস্থিতিশীল রাজনীতির পাঁয়তারা চালাচ্ছে। এদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।আব্দুল মান্নান খান বলেন, সরকার সৌর বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ঘাটতি পূরণের সিদ্ধান্ত নিয়েছে। দোহার নবাবগঞ্জে বিদ্যুৎ ঘাটতি পূরণের লক্ষ্যে দৌলতপুর গোয়ালখালী এলাকায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজে জড়িত হলে সে যত বড় নেতাই হোক তাঁকে ছাড় দেওয়া হবে না। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, আজিজুর রহমান প্রমুখ।