জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের গঠনতন্ত্রে নারী নেতৃত্ব তৈরির সুযোগ থাকতে হবে। গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউএন ওয়ান হোটেলে কমনওয়েলথের এক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।
সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সভায় শিরীন শারমিন আরও বলেন, রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারীদের রাজনৈতিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। বর্তমানে টেকসই আর্থসামাজিক উন্নয়নে নারী নেতৃত্ব মূল্যবান অবদান রাখছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে নারী নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে নারীরা রাজনীতিতে নিজেদের সমৃদ্ধ করতে পারেন। এর মাধ্যমে নারীরা সংসদসহ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ পাবেন।
স্পিকার আরও বলেন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় নারী নেতৃত্বকে এগিয়ে নিতে হবে। নারীকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করে তাদের রাজনৈতিক ক্ষমতায়নকে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উগান্ডার আইনসভার স্পিকার রেবেকা কাডাগা, নাইজেরিয়ার নারী ও সামাজিক উন্নয়নমন্ত্রী হাজিয়া জইনব মাইনা, কমনওয়েলথের ডেপুটি সেক্রেটারি জেনারেল জোসেফাইন ওজিয়াম্বো প্রমুখ।