দলের জন্য কঠিন হয় এমন কিছু করবে না কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাড়াহুড়া করে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো মাঠপর্যায়ে সমস্যায় পড়বে। কারণ, দলীয়ভাবে জাতীয় নির্বাচন করলেও দলগুলো স্থানীয় নির্বাচন কখনো করেনি। তবে নির্বাচন কমিশন বলছে, তারা এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় না, যাতে দলগুলো সমস্যায় পড়তে পারে। দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ভোটের আগেই দলের নিজ নিজ গঠনতন্ত্রে ও কাঠামোতে অনেক পরিবর্তন আনতে হবে।

জানা গেছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মকানুন ধরে স্থানীয় সরকার নির্বাচনের নিয়ম দাঁড় করার চেষ্টা করছে। তবে জাতীয় সংসদের চেয়ে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের করণীয় তুলনামূলক অনেক সহজ হবে। কিন্তু তা সত্ত্বেও স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংখ্যা জাতীয় সংসদের তুলনায় অনেক বেশি হওয়ায় তা পরিচালনা কঠিন হবে দলগুলোর জন্য। জাতীয় সংসদে ৩০০টি আসনে প্রার্থী দিতে হয় রাজনৈতিক দলগুলোর। আর এবার ডিসেম্বরের মধ্যে ২৪৫টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, দলগুলোর জন্য কঠিন হবে, এমন কোনো পদক্ষেপ তারা নেবেন না। কিন্তু দলীয়ভাবে নির্বাচন হওয়ায় স্বাভাবিকভাবেই দলগুলোকে কিছু সমস্যা মোকাবিলা করতে হবে। বিশেষ করে প্রার্থী মনোনয়ন দেওয়া, মনোনয়নের প্রক্রিয়া তাদের ঠিক করতে হবে। গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচন হওয়া সংক্রান্ত আইনটি দ্রুত সংশোধন হলে নির্বাচন কমিশন ও দলগুলোর জন্য সব প্রক্রিয়া শেষ করা সহজ হবে।

তবে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন টানলেন অন্য প্রসঙ্গ। তিনি প্রথম আলোকে বলেন, প্রার্থী মনোনয়নের ক্ষমতা যখন মাঠের নেতারা পাবেন, তখন সেখানে মনোনয়ন-বাণিজ্যের সুযোগ তৈরি হবে। তা ছাড়া দলগুলোকে অভ্যন্তরীণ সহিংসতা রোধে অনেকটা সময় ব্যয় করতে হবে। এটা দলীয়ভাবে নির্বাচন করার ক্ষেত্রে দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে তাঁর মতে, দলীয়ভাবে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আদলে যেসব শর্ত দেওয়ার কথা ভাবছে, সেগুলো আরও যাচাই-বাছাই করা দরকার। নির্বাচন-প্রক্রিয়াটি সহজ করতে হবে। কেননা দলগুলো বহু বছর ধরে জাতীয় নির্বাচন করছে, কিন্তু এটা তাদের কাছে নতুন অভিজ্ঞতা।

কয়েকটি রাজনৈতিক দলের নীতিনির্ধারকেরা বলেছেন, ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের তফসিল হতে পারে বলে তাঁরা শুনেছেন। এটা হলে তাঁদের প্রস্তুত হওয়ার মতো সময় কম। ফলে তাড়াহুড়ো করে অনেক সিদ্ধান্ত নিতে হবে। অনেক কাজ করতে হবে। এটা তাঁদের জন্য কঠিন হবে বলেই মনে করছেন ওই দলগুলোর নেতারা। তাঁদের মতে, মাঠপর্যায়ের নেতা-কর্মীরা এখনো বুঝতে পারছেন না নির্বাচন কীভাবে হবে। দলীয়ভাবে নির্বাচন করতে হলে তাঁদের কী করতে হবে। শুধু মাঠ নয়, কেন্দ্রের কাছেও পরিষ্কার ধারণা নেই।

এ বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, একটি নতুন প্রক্রিয়ায় যেতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ সব সময় চ্যালেঞ্জ মোকাবিলা করেই চলেছে। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল। তাদের বিরাট কর্মী বাহিনী রয়েছে। তাদের পক্ষে কোনো কাজই কঠিন নয়।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করাই হচ্ছে অসৎ উদ্দেশ্য নিয়ে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে গেলে তখন এসব বিষয় নিয়ে ভাববে। তাঁর মতে, দলীয়ভাবে নির্বাচন হলে অনেক বিষয়ই সামনে আসবে, যেটা এখন নির্বাচন কমিশন ভাবছে না। কমিশনকে আগে নির্বাচন উপযোগী একটি প্রক্রিয়া গড়ে তুলতে হবে।

প্রতিটি দলের একটি প্রতীক থাকায় পৌরসভা, ইউনিয়ন পরিষদ বা উপজেলায় তিনজন প্রার্থীর বেলায় কী ব্যবস্থা নেবেন, তা নিয়ে দলগুলোকে চিন্তায় পড়তে হচ্ছে। কেননা যে পদেই ভোট করুক না কেন, দলীয় প্রার্থীদের জন্য একটি প্রতীক থাকবে। দলগুলো উপজেলায় তিনজনের জন্য একটি প্যানেল করতে পারবে। কিন্তু পৌরসভা বা ইউনিয়ন পরিষদে সেটা তারা করতে পারছে না। কেননা এখানে প্রতিটি ওয়ার্ডে আলাদা প্রার্থী থাকেন।