দলের জন্য কেউ অপরিহার্য নয়: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার তাগিদ দিয়ে বলেছেন, দলের জন্য কেউ অপরিহার্য নয়। দলে শৃঙ্খলা না থাকলে সাংগঠনিক ভিত্তি কখনো মজবুত হবে না।
গতকাল রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে সৈয়দ আশরাফ এসব কথা বলেন৷ রুদ্ধদ্বার এ বৈঠকে আওয়ামী লীগের সব যুগ্ম ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত অন্তত পাঁচজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বৈঠক সূত্র জানায়, সংগঠনকে মজবুত করতে ধীরে ধীরে সাংগঠনিক জেলাগুলোর কাউন্সিলের তারিখ চূড়ান্ত করার কথা জানান সৈয়দ আশরাফ। তিনি বলেন, বিভিন্ন কমিটিতে যাঁরা বহু বছর ধরে পদ আঁকড়ে আছেন, মনে করতে হবে তাঁরা কেউ দলের জন্য অপরিহার্য নন। তাই তৃণমূলের মতামত নিয়ে দ্রুত নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’
একজন সাংগঠনিক সম্পাদক সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভাগীয় প্রতিনিধি সভা করার প্রস্তাব দেন৷ বৈঠকে উপস্থিত সবাই তা সমর্থন করেন এবং ঠিক হয় যে সভানেত্রীর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাত সাংগঠনিক জেলার কাউন্সিল
সাত সাংগঠনিক জেলার কাউন্সিলের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আওয়ামী লীগ৷ জেলাগুলো হলো: ২১ জুন মুন্সিগঞ্জ, ২৬ জুন বরগুনা, ২৭ জুন পটুয়াখালী, ২৮ জুন কিশোরগঞ্জ, ১২ জুলাই ঠাকুরগাঁও, ১৫ জুলাই খুলনা মহানগর এবং ১৯ জুলাই রাজশাহী মহানগর। পরে সভানেত্রী শেখ হাসিনা এই তারিখগুলো যাচাই করে অনুমোদন করবেন।
কাউন্সিলে শামীম ওসমান কিংবা নিজাম হাজারীর মতো ‘বিতর্কিতরা’ স্থান পাবেন কি না, বৈঠকের পর একজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা চাই কাউন্সিলররা সৎ, যোগ্য ও সামাজিকভাবে প্রতিষ্ঠিতদের নেতা নির্বাচন করবেন। বিতর্কিতদের বর্জন করবেন।’
‘বৈধ পথে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না’—সৈয়দ আশরাফের এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়ে হানিফ বলেন, ‘এর অর্থ হচ্ছে, শেখ হাসিনা যে উন্নয়ন করছেন, তাতে দেশ ও মানুষ উপকৃত হচ্ছে। মানুষ তাঁকে চায়। এ জনপ্রিয়তার কারণে তাঁকে বৈধ পথে হটানো যাবে না। আশরাফ সাহেব এটাই বোঝাতে চেয়েছেন।’