দলের টিকিটে নির্বাচিত দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়!
দলের টিকিটে নির্বাচিত হয়েও গাইবান্ধার পাঁচ সাংসদ দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠেছে। ত্যাগী নেতা-কর্মীদের অধিকাংশের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। ২০০৮ সালের নির্বাচনে পাঁচ আসনের মধ্যে আওয়ামী লীগের তিনজন ও জাতীয় পার্টির দুজন সাংসদ নির্বাচিত হন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আবদুল কাদের খান জাতীয় পার্টির টিকিটে সাংসদ নির্বাচিত হন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান বলেন, কাদের খান কখনো রাজনীতি করেননি। লাঙ্গল প্রতীক নিয়ে ভোটে দাঁড়ানোর পর এলাকার মানুষ তাঁকে চিনেছেন। এ ছাড়া গত সাড়ে চার বছরে তিনি দলের কোনো সভা-সমাবেশেও উপস্থিত থাকেননি।
অভিযোগ অস্বীকার করে সাংসদ আবদুল কাদের বলেন, ‘আমিই দলীয় কর্মকাণ্ড সক্রিয় রেখেছি।’
গাইবান্ধা-২ (সদর) আসনে মাহাবুব আরা বেগম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক বলেন, সাংসদ কিছু নেতা-কর্মীকে নিয়ে নিজস্ব বলয় তৈরি করে সাড়ে চার বছর ধরে কাজ করেছেন। এই বলয় থেকে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দেওয়া হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ বকশি বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই দলের স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেননি। মূলত যুবলীগের কথায় সাংসদ কার্যক্রম পরিচালনা করেছেন। অথচ মূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে উন্নয়নকাজ করলে দল আরও সুসংগঠিত হতো। এ কারণে নেতা-কর্মীরা ক্ষুব্ধ।
সাংসদ মাহাবুব আরা বলেন, ‘তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। তাঁদের নিয়ে এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছি।’
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় পার্টির টিকিটে মহাজোটের প্রার্থী হিসেবে টি আই এম ফজলে রাব্বী চৌধুরী পঞ্চমবারের মতো সাংসদ নির্বাচিত হন।
পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওসমান গণি বলেন, এলাকার মানুষ রাব্বী চৌধুরীকে নয়, এরশাদের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক দেখে ভোট দেন। সেই লাঙ্গল নিয়ে নির্বাচিত হয়েও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা নেই।
সাদুল্যাপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল করিম বলেন, গত সাড়ে চার বছরে উপজেলা কমিটির সভা ও দলীয় কর্মকাণ্ডে উপস্থিত থাকা তো দূরের কথা, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও তিনি কখনো উপস্থিত থাকেননি।
সাংসদ রাব্বী চৌধুরী বলেন, অভিযোগটি ভিত্তিহীন। ব্যস্ততার কারণে দলের সব কর্মকাণ্ডে যোগ দেওয়া সম্ভব হয় না।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হন। এ আসনে উপজেলা আওয়ামী লীগ দুটি পক্ষে বিভক্ত। সাংসদ মনোয়ার চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওই দুটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউর রহমান বলেন, সাংগাঠনিক কর্মকাণ্ডে দলীয় সাংসদ উপস্থিত থাকলে ত্যাগী নেতা-কর্মীরা প্রাণ পায়। কিন্তু সাংসদ সেই কাজটি করেন না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, সাংসদ কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। দলীয় মনোনয়ন পেয়েছেন বলেই নির্বাচিত হয়েছেন।
মনোয়ার চৌধুরী বলেন, ‘আমি প্রতি মাসে এলাকায় যাই ও নেতা-কর্মীদের নিয়ে কাজ করি। অথচ উপজেলা চেয়ারম্যান আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হন ফজলে রাব্বী মিয়া। তিনি এরশাদ সরকারের আইন প্রতিমন্ত্রী ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দেন। সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ারেছ আলী বলেন, সাংসদ সাংগঠনিক কর্মকাণ্ডে ত্যাগী নেতাদের বাদ দিয়ে তাঁর পছন্দের লোকদের নিয়ে দল পরিচালনা করেন। ফলে এই আসনের দুই উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুটি পক্ষে বিভক্ত।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সেলিম পারভেজ বলেন, সাড়ে চার বছরে উপজেলা আওয়ামী লীগের পাঁচটি বর্ধিত সভায় সাংসদকে প্রধান অতিথি করা হয়। কিন্তু ত্যাগী নেতা-কর্মীদের তোপের মুখে পড়ার ভয়ে তিনি কোনো সভাতেই উপস্থিত থাকেননি।
সাংসদ রাব্বী বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা। দলের সব নেতা-কর্মীকে নিয়ে কাজ করছি।’