দলের নেতারা নোংরা রাজনীতির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, তাদের নেতারা নোংরা রাজনীতির শিকার। দলের আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের সরকার অন্যায়ভাবে বন্দী করে রেখেছে।
গতকাল বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান এ অভিযোগ করেন।
মুজিবুর রহমান দাবি করেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক নিয়মনীতি ও মানবাধিকার লংঘন করে তাদের নিরপরাধ নেতাদের বিচারকে সমর্থন বা অনুমোদন না করে প্রতিবাদে সোচ্চার হয়েছে। তিনি এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।
নায়েবে আমির বলেন, জামায়াত আন্তরিকভাবে গণতন্ত্রে বিশ্বাস করে। একটি শান্তিকামী রাজনৈতিক দল হিসেবে জামায়াত কখনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। বরং সর্ব প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘৃণা করে।
ইফতার অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ও কূটনীতিক কোরের ডিন শাহের মুহাম্মদ, মার্কিন রাষ্টদূত ড্যান ডব্লিউ মজীনা, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরি অংশ নেন। এ ছাড়া তুরস্কের রাষ্ট্রদূত হোসাইন মুফতুগ্লু, মিসরের রাষ্ট্রদূত মুহাম্মদ ইজ্জত, নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুনডেমো, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলোইজ, যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার নিক লো, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার লুসিন্ডা বেল, কাতারের ডেপুটি হেড অব মিশন খালিদ জাহিদ এম আল-মাহমুদ, কানাডার ডেপুটি চিফ অব মিশন ড্যানিয়েল লুতফি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দীর্ঘদিন আত্মগোপনে থাকা জামায়াতের মধ্যম সারির কয়েকজন নেতাকে দেখা যায়। এ সময় সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।