দলের প্রতিষ্ঠাবার্ষিকীতেও বিভক্ত চট্টগ্রাম আ.লীগ
দলীয় অন্যান্য কর্মসূচির মতো চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও পালন করলেন আলাদাভাবে। গতকাল বৃহস্পতিবার সকালে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন অংশ পুরোনো রেলস্টেশনে জমায়েত ও শোভাযাত্রা বের করে। বিকেলে মন্ত্রী আফছারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম বিএসসির সমর্থকেরা শহীদ মিনারে জমায়েত হন। সেখান থেকে বের হয় শোভাযাত্রা।দুই অংশের নেতারাই শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে অন্য অংশের নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। একপক্ষ অন্য পক্ষকে অবাঞ্ছিত ও দলের জন্য আপদ বলে দাবি করে। চট্টগ্রামের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ না হওয়ার জন্যও তারা প্রতিপক্ষকে দায়ী করে।দলীয় নেতা-কর্মীরা জানান, পুরোনো রেলস্টেশনে জমায়েতের পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন অংশের নেতারা অন্য অংশের প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের কর্মকাণ্ডে সরকার বিব্রত। এতে স্বাধীনতাবিরোধীরা লাভবান হচ্ছে। তাই বিচ্ছিন্ন পথে না হেঁটে এবং বিভ্রান্তি না ছড়িয়ে দলের ঐক্যের পক্ষে কাজ করার আহ্বান জানান নেতারা।মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসহাক মিয়া, সাংসদ এম এ লতিফ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে ট্রাক ও মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের হয়।শহীদ মিনার চত্বরে জমায়েতে নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম প্রমুখ।বক্তারা নগর আওয়ামী লীগের অপর পক্ষের নেতাদের বিশেষ করে সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ওরফে দানুর কঠোর সমালোচনা করেন। সাংসদ নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘দানু পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে আমি ও আফছারুল আমীনকে দলের জন্য আপদ (ডিসটার্বিং এলিমেন্ট) বলেন। আমি এ ধরনের বক্তব্যের নিন্দা জানাচ্ছি। আমরা আপদ হলে শেখ হাসিনা আমাদের দল থেকে বের করে দিতেন।’