চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর সমর্থনে প্রচারণা চালিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ড পৌর সদর বাজার, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় বিএনপির মেয়র পদপ্রার্থী সৈয়দ আবুল মুনছুরকে সঙ্গে নিয়ে প্রচারণা চালান দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন।
প্রচারণার সময় ধানের শীষ প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি তিনি আহ্বান জানান। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মীদের উদ্দেশে মীর মো. নাছিরউদ্দিন বলেন, মেয়র নির্বাচন বাঁচা-মরার লড়াই। গণতন্ত্র পুনরুদ্ধারে সীতাকুণ্ডসহ দেশের সব পৌরসভায় বিএনপি মেয়র প্রার্থীদের জয়ী করতে হবে। ফল ঘোষণা পর্যন্ত নেত-কর্মীদের ভোটকেন্দ্রে থাকতে বলেন তিনি।
এদিকে শীত উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। লিফলেটের মাধ্যমে নিজের কথা ও উন্নয়নের আশ্বাস দিচ্ছেন তাঁরা। বিকেলের পর থেকে রাত আটটা পর্যন্ত মাইকিংয়ে প্রচারণা চালাচ্ছেন।
গতকাল সকাল থেকই পন্থিছিলা, নূনাছড়া ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফিউল আলম। একই এলাকায় প্রচারণা চালান জাতীয় পার্টির প্রার্থী নুরুন নবী ভুইয়া। আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বদিউল আলম প্রচারণা চালান ঈদিলপুর এলাকায়।