সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের বিষয়ে আওয়ামী লীগের বার্তা নিয়ে তৎপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের দুদিন পর তিনি গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওবায়দুল কাদেরের এই দৌড়ঝাঁপ নিয়ে আওয়ামী লীগের ভেতরে-বাইরে আলোচনা চলছে।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একাধিক নেতা বলেন, ওবায়দুল কাদের দলের শীর্ষ নেতৃত্বের একটি বার্তা নিয়ে গত শনিবার রাতে প্রধান বিচারপতির বাসায় যান এবং প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। ফিরে এসে রোববার সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনার বিষয়বস্তু অবহিত করেন। গতকাল সব বার্তা এক করে রাষ্ট্রপতিকে তা অবহিত করেন।
ওবায়দুল কাদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গভবনে যান দুপুর সোয়া ১২টার দিকে। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আসেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির দপ্তরে ওবায়দুল কাদেরের এই দৌড়ঝাঁপ নিয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যে নানা জল্পনা-সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে একাধিক কেন্দ্রীয় নেতা জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা বার্তা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এই বার্তাটি কী, তা দলের অন্য নেতাদের কাছে পুরোপুরি স্পষ্ট নয়। কেউ কেউ বলছেন, রায়ের পর্যবেক্ষণের কারণে রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এর পরিণতি কী হতে পারে তা তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি, সংসদ ও শাসন বিভাগের হাতে কী কী করণীয় আছে, সেটাও রাষ্ট্রপতিকে জানানো হয়। সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি হচ্ছে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গভবনের ফটকে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, প্রধান বিচারপতি তিনিই নিয়োগ দেন। তাঁকে আমি বিষয়টি জানিয়েছি। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির সঙ্গে আমার যে আলোচনা হয়েছে, সেখানে রায়ের পর্যবেক্ষণের বিষয়ে আমাদের দলের বক্তব্য রাষ্ট্রপতির কাছে বলেছি।’
বঙ্গভবনে প্রধান বিচারপতির সঙ্গে দেখা হয়েছে কি—এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর সঙ্গে আমার দেখা হয়নি। এখানে যে অনুষ্ঠান আছে, আমার জানা ছিল না।’
বিকেলে পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রায়ের পর্যবেক্ষণ নিয়ে আমি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছি, আমাদের দলের সভাপতি শেখ হাসিনার অনুমতি নিয়ে প্রধান বিচারপতিকে আমাদের দলের অবস্থান জানিয়েছি। আমি আজ (গতকাল) আবার প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকেও সেই পর্যবেক্ষণের বিষয়ে প্রধান বিচারপতিকে যে বক্তব্য জানিয়েছি, সেটা রাষ্ট্রপতিকে অবহিত করেছি। তিনি বলেন, “ষোড়শ সংশোধনীর রায় নিয়ে উদ্বেগ থাকতে পারে, এই নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আকাশের মেঘ ক্ষণিকের, সূর্য চিরদিনের। ক্ষণিকের মেঘ কাটিয়া যাবে, চির দিবসের সূর্য উঠিবে আবার।’”
অবশ্য গত শুক্রবার ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি। আমরা চক্রান্তের মুখে পড়েছি।’
ওবায়দুল কাদেরের এই দৌড়ঝাঁপে অর্জন কী, তা এখনো স্পষ্ট নয়। তবে সবকিছু ইতিবাচক দিকে এগোচ্ছে বলেই তিনি তাঁর ঘনিষ্ঠজনদের বলেছেন। দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ষোড়শ সংশোধনীর রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সময় নিয়ে করার পক্ষে আওয়ামী লীগ। এর আগে দলটি রাজনীতির মাঠে চাপ দিয়ে তাদের বিবেচনায় রায়ের পর্যবেক্ষণে থাকা ‘অনভিপ্রেত’ বিষয়গুলো বাদ দেওয়ার ক্ষেত্র প্রস্তুত করতে চায়। এ কাজে সরকার ও আওয়ামী লীগ ছাড়াও সরকারের শরিক ১৪ দলও মাঠে সক্রিয় হচ্ছে। আওয়ামী লীগের সমমনা নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকেও রায়ের পর্যবেক্ষণের সমালোচনায় নামতে উৎসাহ দেওয়া হচ্ছে।