
বলা মুশকিল। মুশকিল এ জন্য যে বিভিন্ন দেশের এ-সংক্রান্ত আইন বা সাংবিধানিক ব্যবস্থাপত্র বা বিধান থেকে নির্দিষ্ট কোনো ছক বা প্যাটার্ন বোঝা যায় না।
আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদ দলের বিপক্ষে ভোট দেওয়া নিষিদ্ধ করেছে। অর্থাৎ সংসদে আপনি যে দল থেকে বা দলের প্রার্থী হিসেবে সদস্য হয়েছেন, সেই দলের বিরুদ্ধে সংসদে ভোট দিতে পারবেন না। সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে তার পরিণতি হিসেবে সংসদ সদস্যপদ বাতিল হবে। যে দলের প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন, সে দল থেকে পদত্যাগ করলেও একই পরিণতি। সংসদ সদস্যপদ হারাবেন। পঞ্চদশ সংশোধনীর আগে সংসদে ভোটদান করা থেকে বিরত থাকলে, সেই বিরত থাকাকে দলের বিপক্ষে ভোট দেওয়া হিসেবে ধরে নিয়ে ভোট না দেওয়ার জন্যও সদস্যপদ হারানোর বিধান ছিল। এখন সেটা আর নেই। কোনো বিষয়ে ভোটাভুটির সময় সংসদে অনুপস্থিত থাকলে এখন আর সদস্যপদ হারাতে হবে না।
দলের বিপক্ষে ভোট দেওয়া এবং দল থেকে পদত্যাগ—এ দুই কারণে সংসদ সদস্যপদ হারানোর বিধান রাখার অন্যতম প্রধান কারণ হলো সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করা। ১৯৫০ সালের মাঝামাঝি সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির (প্রাদেশিক সংসদ) সদস্যরা অনেকবার দল পরিবর্তন করে সরকারের পতনের কারণ হয়েছিলেন। সংসদে ৩০০ আসনে সংখ্যাগরিষ্ঠ দলের যদি ৪০ বা ৫০ জন সাংসদ দল ত্যাগ করে অন্য দলে যোগ দেন, তাহলে ওই দল সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হতে পারে আর সংখ্যাগরিষ্ঠ হয়ে যেতে পারে সংখ্যালঘিষ্ঠ।
পঞ্চাশের দশকের ঘন ঘন দলবদলের অভিজ্ঞতা বর্তমান ৭০ অনুচ্ছেদের সম্ভাব্য প্রধান কারণ।
দুই.
আমাদের ৭০ অনুচ্ছেদের মতো বিধান কত দেশে আছে—এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সঠিক হিসাব মেলানো দুষ্কর।
তবে বড় দাগে বলা যায় যে স্থিতিশীল বা পাকাপোক্ত গণতান্ত্রিক দেশে এ ধরনের বিধান অল্প। স্থিতিশীল বা পাকাপোক্ত গণতন্ত্র বলতে সেসব দেশকে বোঝানো হয়, যেসব দেশে মোটামুটি ৫০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে এবং সরকার বদল হয়েছে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে।
বলাবাহুল্য, কোন দেশে স্থিতিশীল গণতন্ত্র আছে আর কোন দেশ অতটা স্থিতিশীল গণতান্ত্রিক নয় বা কোন দেশ আধা গণতান্ত্রিক—সেটা নিয়ে বিতর্ক অবশ্যই থাকবে। তবে এটা তো অনস্বীকার্য যে পশ্চিম ইউরোপের প্রায় সব দেশই স্থিতিশীল গণতান্ত্রিক দেশ, কিন্তু পূর্ব ইউরোপের বেশির ভাগ দেশ যেমন বেলারুশিয়া বা রুমানিয়া আধা গণতান্ত্রিক। স্থিতিশীল গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ভারত, ইসরায়েল, পর্তুগালসহ পাঁচ-ছয়টি দেশে দলের বিপক্ষে ভোট দেওয়ার নিষেধাজ্ঞাসংবলিত বিধান আছে।
ভারতীয় সংবিধানের দশম তফসিলে কোন কোন ক্ষেত্রে দল থেকে পদত্যাগ বা দলের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিল হবে, তার ফিরিস্তি আছে। ভারতীয় সংবিধানে কড়াকড়িটা আমাদের ৭০ অনুচ্ছেদ থেকে বেশি। ওখানে ভোটদানে বিরত থাকাকে দলের বিরুদ্ধে ভোট দেওয়া হিসেবে গণ্য করা হয়। কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর যদি কোনো দলে যোগ দেন, তাহলেও সেই ব্যক্তি দল থেকে পদত্যাগ করেছেন—এই বিবেচনায় সংসদ সদস্যপদ হারাবেন। তবে কোনো সংসদীয় দলের এক-তৃতীয়াংশ সাংসদ যদি পুরোনো দল থেকে বেরিয়ে নতুন দল গঠন করেন, তাহলে তা দল থেকে পদত্যাগের শামিল হবে না এবং সদস্যপদও হারাবেন না।
পূর্ব ইউরোপের অতীত সমাজতান্ত্রিক দেশগুলোর গণতন্ত্রের ইতিহাস খুব দীর্ঘ নয়। দশক দুয়েক। তাই ওদের কোনো কোনো দেশে যেমন রুমানিয়া, ইউক্রেনে দলের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্যপদ হারানোর বিধান রয়েছে। দল থেকে পদত্যাগ করলেও পরিণতি একই।
২০০৯ সালের এক গবেষণায় হিসাব করা হয়েছে, বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ৪১টি দেশে দল থেকে পদত্যাগ করলে বা দলের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্যপদ হারানোর বিধান আছে। তবে যেসব দেশে এ ধরনের বিধান আছে, সেসব দেশে গণতন্ত্রের চর্চা ও ঐতিহ্য বা দীর্ঘস্থায়িত্ব ততটা গভীর নয়। বলাবাহুল্য, যেসব দেশে গণতন্ত্রের চর্চা বলতে গেলে নেই, অর্থাৎ রাজনৈতিক দলভিত্তিক গণতন্ত্র বা বহুদলীয় গণতন্ত্র নেই, সেসব দেশে দলের বিরুদ্ধে ভোট দেওয়া বা দল থেকে পদত্যাগ করার কোনো সুযোগ নেই এবং এ-সংক্রান্ত বিধানও নেই। যেমন মধ্যপ্রাচ্যের যেসব দেশে রাজতন্ত্র বিদ্যমান এবং বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা অনুপস্থিত, সেসব দেশে এ ধরনের বিধানের কোনো প্রয়োজন নেই।
অবশ্য অন্যদিকে স্থিতিশীল বা পুরোনো গণতান্ত্রিক দেশেও যে সাংসদেরা দল পাল্টান না, এমনটি সব দেশের বেলায় প্রযোজ্য নয়। যেমন ইতালির পার্লামেন্টের প্রায় এক-চতুর্থাংশ সদস্য ১৯৯৫ থেকে ২০০২ সালের মধ্যে অন্তত একবার দল বদল করেছেন। অবশ্য এটাও ঠিক যে এ কারণেই হয়তো ইতালিতে গত ৫০ বছরে সরকার বদল হয়েছে প্রায় ৪০ বার। ইতালিতে দল বদলালে সংসদ সদস্যপদ বাতিল হয় না এবং সে দেশে এত ঘন ঘন সরকার বদল হলেও গণতন্ত্র বাধাগ্রস্ত হয়নি।
এমনকি যুক্তরাষ্ট্রেও গত ৫০ বছরে ২০ জন কংগ্রেসম্যান ও সিনেটর দল বদল করেছেন।
তিন.

৭০ অনুচ্ছেদটিকে তিনবার সংশোধন করা হয়েছে। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদে উপস্থিত থেকে দলের পক্ষে ভোটদানে বিরত থাকা এবং দলের নির্দেশ উপেক্ষা করে সংসদে অনুপস্থিত থাকা দলের বিরুদ্ধে ভোট দেওয়ার শামিল বলে গণ্য করার বিধান যোগ করা হয়েছিল। ১৯৯১ সালে দ্বাদশ সংশোধনী দ্বারা রাজনৈতিক দলের কোনো গ্রুপ তৈরি করা অথবা অন্য রাজনৈতিক দলে যোগদান করলে সংসদ সদস্যপদ বাতিলের বিধান করা হয়েছিল।
সর্বশেষ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে চতুর্থ আর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে যোগ করা শর্তগুলো বাদ দিয়ে ১৯৭২ সালের সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রত্যাবর্তন করা হয়েছে। এখন শুধু দল থেকে পদত্যাগ করলে বা দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ হারাতে হবে।
বিভিন্ন দেশের সংবিধান ও আইন থেকে দেখা যায়, যেটা ইতিপূর্বে উল্লেখ করেছি যে তুলনামূলকভাবে পুরোনো বা স্থিতিশীল গণতান্ত্রিক দেশে নিজ দল থেকে পদত্যাগ বা দলের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্যপদ হারানোর বিধান বেশির ভাগ দেশে নেই। অন্যদিকে নতুন বা নড়বড়ে গণতান্ত্রিক দেশে সংসদ সদস্যপদ হারানোর এ ধরনের বিধান একটু বেশিই দেখা যায়।
এখন প্রশ্ন হলো, আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধানটি ভালো না মন্দ? এককথায় জবাব দেওয়া মুশকিল। তবে বড় দাগে উত্তর বা জবাব হতে পারে, বিধানটা থাক, তবে কিছু সংশোধন প্রয়োজন।
বিধানটা রাখার পক্ষে প্রধান যুক্তি হবে, আমাদের সাংসদদের রাজনৈতিক আদর্শগত অবস্থান সম্পর্কে। আমাদের গত বেশ কয়েকটি সংসদে ব্যবসায়ীদের আধিক্য, সেই সঙ্গে অবসরপ্রাপ্ত আমলা-সেনা কর্মকর্তা ইত্যাদির উপস্থিতি থেকে এটা স্পষ্ট যে রাজনৈতিক আদর্শ বা মতবাদ এখন আর মুখ্য বিষয় নয়।
সে কারণে হয়তো প্রায় বলা হয়, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। শেষ কথা বলে যখন কিছু নেই, তখন দল বদলানোটা কোনো বড় ব্যাপার নয়। হালুয়া-রুটির জন্য দল বদলাতেই পারেন। যাঁরা ২০-৩০ বছর একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার পর সাংসদ হয়েছেন, তাঁরা নিশ্চয় সহজে দল বদলাবেন না। কিন্তু যাঁরা বাণিজ্য বা চাকরি করতে করতে হঠাৎ রাজনৈতিক দলের মনোনয়ন পেয়ে সাংসদ হয়েছেন, তাঁরা আরও বেশি বাণিজ্য বা পদের জন্য দল বদল করতে চাইলে তেমন গালমন্দ করা তো ঠিক হবে না। যাঁর প্রধান কারণ হালুয়া-রুটি, তাঁর কাছ থেকে তো রাজনৈতিক আদর্শ বা মতবাদের প্রতি একান্ত নিষ্ঠা প্রত্যাশা অবান্তর। সরকার আসে সরকার যায়; কিন্তু আমলার মূলনীতি হলো, ‘সরকার জিন্দাবাদ’। একজন আমলা ৩০ বছরের চাকরিজীবনে চার-ছয়টি বিভিন্ন সরকারের অধীনে কাজ করেন। অর্থাৎ কর্মজীবনে চার-ছয়বার ভিন্ন ভিন্ন ‘জিন্দাবাদ’ দেওয়ার পর অবসর গ্রহণ করে সাংঘাতিকভাবে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে পড়বেন—এমন প্রত্যাশা বোধ হয় কেবল আমাদের সর্বোচ্চ রাজনৈতিক নেত্রীরাই করেন, অন্যরা তা করেন না। আমলারা অবসরপ্রাপ্তির পর ভীষণভাবে আদর্শে নিবেদিতপ্রাণ হয়ে যান বলেই হয়তো আমাদের বড় বড় রাজনৈতিক দলের নেত্রী-নেতাদের চারপাশে এক্স-আমলাদের এত ভিড়।
মোদ্দা কথা হলো, ১৯৭২ সালে যখন সংবিধানের ৭০ অনুচ্ছেদে দলত্যাগ বা বিপক্ষে ভোট দেওয়া নিষিদ্ধ করা হয়, তখন সবার মাথায় ছিল ১৯৫০ সালের মাঝামাঝি সময়ে প্রাদেশিক পরিষদ সদস্যদের দলবদলের হিড়িকের তিক্ত অভিজ্ঞতা। আর এখন সেই তিক্ত অভিজ্ঞতা বেশি বাস্তব হবে সংসদে ব্যবসায়ী আমলা আর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ভিড়ে। এই ভিড় থেকে কে কোন দিকে দৌড় দেন! এই দৌড় ঠেকাতেই ৭০ অনুচ্ছেদ দরকার।
৭০ অনুচ্ছেদের ঢালাও নিষেধাজ্ঞা অর্থাৎ কোনো ইস্যুতেই দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না—এই বিধানটার পরিবর্তন দরকার।
চতুর্থ ও দ্বাদশ সংশোধনীর কট্টরতর অবস্থান থেকে ১৯৭২ সালের ৭০ অনুচ্ছেদে ফিরে যাওয়ার মাধ্যমে একটা নমনীয় অবস্থাকে গ্রহণ করা হয়েছে। আমাদের রাজনীতিতে, বিশেষত রাজনৈতিক দলের অভ্যন্তরে সংস্কারবিমুখ বা সংস্কারবিরোধী পরিবেশের জন্য ৭০ অনুচ্ছেদ অনেকটা দায়ী। যেহেতু ৭০ অনুচ্ছেদ দলের বিরুদ্ধে কোনো ইস্যুতেই অবস্থান নেওয়াকে নিষিদ্ধ করেছে, সেহেতু সংসদের বাইরেও কোনো ইস্যুতে দলের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার পক্ষে একটা সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছে দলগুলোর মধ্যে। ফলে ২০০৭ বা ২০০৮ সালে যাঁরা বড় বড় রাজনৈতিক দলের ভেতরে থেকে কিছু বিরুদ্ধ-মত প্রকাশ করেছিলেন, তাঁদের পরিণতি হয়েছিল সংসদ সদস্যপদ হারানোর মতো অর্থাৎ ‘সংস্কারপন্থী’ আখ্যায়িত হয়ে দলের মধ্যে অপাঙেক্তয় বা নিদেনপক্ষে কোণঠাসা হয়ে গিয়ে। অর্থাৎ তাঁদের ওপরও যেন নেমে এসেছিল ৭০ অনুচ্ছেদের খড়্গ।
আমাদের রাজনৈতিক দলগুলো, যেগুলো তিন দশকের বেশি সময় ধরে একই ব্যক্তির নিয়ন্ত্রণাধীন থাকার কারণে একনায়কতন্ত্রী দল হিসেবে পর্যবসিত হয়েছে, সেখানে গণতন্ত্রচর্চা ফিরিয়ে আনতে হলে এবং সেই সঙ্গে সংসদে কিছু নির্দিষ্ট বিষয়ে সাংসদদের নিজস্ব মতামত প্রকাশের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদকে আরও নমনীয় করতে হবে।
সংসদে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন অনাস্থা প্রস্তাব, বাজেট, গুরুত্বপূর্ণ আইন ইত্যাদি বা আনুষঙ্গিক বিষয়ে ৭০ অনুচ্ছেদের খড়্গ বহাল রেখে অন্যান্য বিষয়ে দলের বিরুদ্ধে সংসদে ভোট দেওয়ার বিধান চালু করা যায়। বলাবাহুল্য, দল থেকে পদত্যাগ করলে বা অন্য দলে যোগ দিলে সংসদ সদস্যপদ বাতিলের বিধান বহাল রাখতে হবে। তবে নমনীয়তা আনা যায় সংসদে ভোট দেওয়ার ব্যাপারে।
বর্তমান ব্যবস্থায় বা ৭০ অনুচ্ছেদের বিধানের কারণে সাংসদদের তোতাপাখির মতো সর্বক্ষণ দলীয় বুলি আওড়াতে হয়। সাংসদদের মত-চিন্তা ও ধ্যান-ধারণা সংসদে প্রকাশ এবং সে অনুযায়ী অগুরুত্বপূর্ণ আইন সরকারের নির্বাহী বিষয়ে কোনো প্রস্তাব বা পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার স্বাধীনতা দিতে হবে। এতে সংসদের সঙ্গে সঙ্গে দলের ভেতরও গণতন্ত্রচর্চার পথ সুগম হবে।
সংসদে কোনো বিষয় আলোচনা বা ভোটাভুটির আগে দলীয় প্রধান চিফ হুইপ বা ক্ষেত্রমতে কোনো হুইপ নির্ধারণ করে দিতে পারেন যে কোন বিষয়টি দলীয়ভাবে উন্মুক্ত অর্থাৎ দলের বিপক্ষে অবস্থান নেওয়া বা ভোট দেওয়া যাবে আর কোন ব্যাপারে দলের বিরোধিতা করা যাবে না।
মজার ব্যাপার হলো, যেসব কম গণতান্ত্রিক দেশে আমাদের ৭০ অনুচ্ছেদের মতো বিধান আছে, আর যেসব দেশে নেই—এ দুই ধরনের দেশের সাংসদদের দলত্যাগ, দল থেকে পদত্যাগ বা দলের বিরুদ্ধে ভোট দেওয়ার ব্যাপারে বাস্তবিক ফারাক কম। অর্থাৎ বিধান থাকুক বা না থাকুক, দলত্যাগের বা দলের বিরুদ্ধে ভোট দেওয়ার হার প্রায় সমান।
আবার যাঁরা দল ত্যাগ করেছেন, সাধারণভাবে দেখা গেছে তাঁরা পুনর্নির্বাচিত হয়েছেন খুব কম ক্ষেত্রে।
যাহোক, ৭০ অনুচ্ছেদের এক অংশ অর্থাৎ দল পরিত্যাগ-সংক্রান্ত নিষেধাজ্ঞা বজায় রেখে অন্য অংশ অর্থাৎ দলের বিরুদ্ধে সংসদে ভোটদানের পথ একটু সুগম করতে হবে। তুলনামূলকভাবে অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ বিষয়ে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ তৈরি হলে আমাদের সার্বিক গণতন্ত্রায়ণ সুদৃঢ় হতো।
শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট; অধ্যাপক, স্কুল অব ল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়