দলের ভাঙন প্রকাশ্য রূপ নেওয়ার আশঙ্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তিন দিনব্যাপী নবম জাতীয় সম্মেলন ও কাউন্সিল আজ সোমবার রাঙামাটিতে শুরু হচ্ছে। আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদার করতে জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার আহ্বানে চার বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের মধ্য দিয়ে দলে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করেছে দলের একাধিক সূত্র। গতকাল রোববার জনসংহতি সমিতির সহসম্পাদক (তথ্য ও প্রচার) সজীব চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, আজ সোমবার সকাল ১০টায় রাঙামাটি ব্যায়ামাগার চত্বরে সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য মো. শাহ আলম প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে। বিবৃতিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠান ও জনসমাবেশ শেষে স্থানীয় পৌরসভা মিলনায়তনে দলের কাউন্সিল হবে। এতে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, জনসংহতি সমিতির গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রম ইত্যাদি সম্পর্কে আলোচনা হবে। সম্মেলন ও কাউন্সিলে জনসংহতি সমিতির তিন পার্বত্য জেলার প্রতিনিধি, সমিতির বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি এবং পর্যবেক্ষকেরা যোগ দেবেন। জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীসহ স্থানীয় অধিবাসীদের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রাম পরিচালনা ও পার্বত্যচুক্তি স্বাক্ষরে নেতৃত্বদানকারী এ সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে এবার বেশ কিছু নতুন মুখ আসবে। তবে সম্মেলনের মধ্য দিয়ে দলের ভাঙন প্রকাশ্য রূপ নেবে বলে দলটির ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর বেশ কিছু জ্যেষ্ঠ নেতা দলটির নেতৃত্বে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া পর দলে কোন্দল শুরু হয়। এসব ভিন্ন মতাবলম্বী জ্যেষ্ঠ নেতারা এবার সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। জনসংহতি সমিতির জ্যেষ্ঠ নেতা রূপায়ণ দেওয়ান বলেন, ‘দলের গঠনতন্ত্রের নিয়মনীতি ভঙ্গ করে একতরফাভাবে এ সম্মেলন ডাকা হয়েছে। আমরা এ সম্মেলন প্রত্যাখ্যান করছি।’ অপরদিকে সমিতির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘দলের জ্যেষ্ঠ নেতারা পদের লোভে এবং কুচক্রী মহলের প্ররোচনায় সন্তু লারমার বিরোধিতা করছেন। দলের নেতা-কর্মীরা ইতিমধ্যে তাঁদের প্রত্যাখ্যান করেছেন।’ ১৯৭২ সালে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠিত হয়। ১৯৭৫ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই জনসংহতি সমিতির সব নেতা-কর্মী আত্মগোপনে যান এবং অধিকার আদায়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেন। ১৯৯৭ সালে পার্বত্যচুক্তি স্বাক্ষরের পর সশস্ত্র কার্যক্রম বিলুপ্ত করে দলটি আবার প্রকাশ্য রাজনীতি শুরু করে।