দলের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা সহ্য করা হবে না: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা সহ্য করা হবে না। এখানে (কুমিল্লায়) দলের নেতারা দলীয় শৃঙ্খলা মানেন না, নৌকা প্রতীককে অবমাননা করেন, এ রকম নেতাও আছেন।

গতকাল শুক্রবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এ কথা বলেন। বিকেল তিনটায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজ মাঠে এ সভা হয়।

সভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘অতীতে কোন্দল দলকে ক্ষতিগ্রস্ত করেছে। দল যদি করেন, দলীয় শৃঙ্খলা মানতে হবে; নিয়ম মানতে হবে। সদস্য ফরম সংগ্রহের নামে খারাপ লোকেরা যেন আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে, সতর্ক থাকতে হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। খালেদা জিয়ার আন্দোলন টেমস নদীর তীরে তাঁর ভ্যানিটি ব্যাগে। এ অবস্থায় বিএনপিকে আমরা ভয় পাচ্ছি না।’ তিনি বলেন, ‘দলকে ঘরের মধ্যে ঢোকাবেন না। ঘরের মধ্যে ঘর রাখবেন না। মশারির ভেতরে মশারি পাতবেন না। দলকে ঠিক রাখতে উঠান বৈঠক করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে সরকারের অর্জন তুলে ধরতে হবে। কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে। দল ও দলের বাইরে সমাজের বিজ্ঞ লোকদের কেন্দ্র কমিটিতে রাখতে হবে।’

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক, মো. তাজুল ইসলাম প্রমুখ।