বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারিত হয়ে গতকাল বুধবার ‘১৮ দলীয় জোট’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রথমে ১৬টি দল জোটভুক্ত করার কথা বলা হলেও শেষ মুহূর্তে আরও দুটি দল জোটে যোগ দেয়।বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই নতুন জোটের ঘোষণাপত্র প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সম্প্রসারিত জোটের কারণে চারদলীয় জোট বিলুপ্ত হবে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাব দেননি তিনি। আরেক প্রশ্নের জবাবে মহাজোটের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘দলের সংখ্যা এবং শক্তি—সব দিক থেকেই আমরা বড়।’বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে চারদলীয় জোটের পাশাপাশি আন্দোলনরত সমমনা বিভিন্ন দল ও শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। সে দাবি পূরণেই চারদলীয় জোট সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’ তিনি জোটের শরিকদের নাম ঘোষণা করেন। ১৯৯৯ সালের ৩০ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠিত হয়েছিল। এ জোটের শরিকেরা হলো: জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম। ১৮ দলীয় জোটে এর সঙ্গে যুক্ত হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, বাংলাদেশ ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক লীগ (ডিএল) ও পিপলস লীগ।নতুন এই জোটের সাতটি দলের নির্বাচন কমিশনে নিবন্ধন নেই। তাদের নিয়ে আন্দোলন কতটা জোরদার হবে—এ প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘বিএনপির আন্দোলনে জনগণই সম্পৃক্ত হয়ে গেছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখেননি, সরকার ভাড়া করে, এমনকি আইসক্রিম, ললিপপ ও কোকা-কোলা খাইয়েও লোক আনতে পারেনি। নতুন জোট গঠনের ফলে আন্দোলন আরও বেগবান হবে।’অনুষ্ঠানে বিএনপি ও শরিক দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।