দলের সমর্থন পেতে সম্ভাব্য প্রার্থীরা মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। চায়ের দোকানে নির্বাচনী আড্ডা জমে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা। গত সোমবার উপজেলা শহর, ধানগড়াসহ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইসহাক হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় রায়গঞ্জের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি। ভোট দিতে না পেরে এ উপজেলার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মীরাও হতাশ ছিলেন। নির্বাচন কমিশন ১৯ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর পর তাঁদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সম্ভাব্য প্রার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের সমর্থন পেতে মাঠে নেমেছেন।
সোমবার দুপুরে ধানগড়া বাজারের আবদুর রউফের চায়ের দোকানে নির্বাচনী আলাপ জমে ওঠে। আওয়ামী লীগের সমর্থক তাজ উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। উপজেলা পরিষদের তিনটি পদে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। তাঁর কথা শেষ না হতেই বিএনপির সমর্থক আবু কালাম বলেন, যোগ্য মানেই তো হয় আওয়ামী লীগ, নয়তো বিএনপির নেতা। তাঁদের বাইরে আর কেউ যোগ্য নেই।
বিভিন্ন দলের নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগ থেকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা সভাপতি জিন্নাহ আল মাজি, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহসভাপতি রহমত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার, সদস্য আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি গাজী রইচ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আবু বকর শেখ ও উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এদিকে বিএনপি থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর সাঈদ সরকার, বর্তমান সভাপতি আতাউর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহসভাপতি শামসুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হক, বর্তমান চেয়ারম্যান ও জামায়াত নেতা এ বি এম আবদুস সাত্তার ও উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি জাকির হোসেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
নেতারা আরও জানান, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক শেখ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লীনা হক প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাঁরা দলের সমর্থন নিশ্চিত করতে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি কেন্দ্রের নেতাদের কাছে যাচ্ছেন।
বিএনপির নেতা নূর সাঈদ সরকার, দল থেকে তাঁকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিলে তিনি নির্বাচন করবেন। তিনি সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।
আওয়ামী লীগ নেতা জিন্নাহ আল মাঝি জানান, দলের বেশির ভাগ নেতা-কর্মী সমর্থন দিলে তিনি নির্বাচন করবেন। তিনিও দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।