পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা ওরফে রনিকে অবিলম্বে এলাকার সব উন্নয়নকাজের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গত সোমবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত গলাচিপা উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ দাবি তোলা হয়।দলীয় সূত্র জানায়, দাবিটি সভার কার্যবিরণীতে লিপিবদ্ধ করা হয়। ওই সভায় সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী কর্মকাণ্ডের জন্য সাংসদ গোলাম মাওলার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও গৃহীত হয়। সকাল ১০টায় গলাচিপা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বর্ধিত সভা শুরু হয়। বেলা তিনটা পর্যন্ত সভার প্রথম অধিবেশন চলে। বিকেল চারটায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সভায় অন্যান্যের মধ্যে প্রধান অতিথি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারেফ হোসেন, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, এ পর্যন্ত গলাচিপায় হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য বিশেষ কর্মসূচির আওতায় কয়েক কোটি টাকার বরাদ্দ এসেছে। কিন্তু ওই সব কর্মসূচির কোনো টাকাই হতদরিদ্র মানুষের ভাগ্যে জোটেনি। সাংসদ ও তাঁর অনুসারীরা তা আত্মসাৎ করেছেন।বর্ধিত সভায় এক প্রস্তাবে বলা হয়, অবিলম্বে এলাকার সব উন্নয়ন প্রকল্প থেকে গোলাম মাওলাকে প্রত্যাহার করে তাঁর পরিবর্তে অন্য কোনো সাংসদ বা মন্ত্রীকে দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হোক। বর্ধিত সভায় আওয়ামী লীগের উপজেলা ও পৌর কমিটির নেতারা ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৫০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।মো. হারুন অর রশিদ বলেন, ‘৯ মে অনুষ্ঠিত বর্ধিত সভায় সাংসদ গোলাম মাওলার বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্তগুলো সভার কার্যবিরণীতে লিপিবদ্ধ করেছি। শিগগিরই তা জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সাংসদ গোলাম মাওলার সমর্থিত অংশের) কাজী শহিদুল ইসলাম বলেন, ‘দলের ওই অংশটি আগে থেকেই সাংসদের বিরুদ্ধে বলে আসছে। এলাকার মানুষ দেখেছে, তাদের বিরোধিতায় কিছুই হয়নি। তারা কী করল বা বলল, তাতে আমাদের কিছু আসে-যায় না।’