দলের স্বার্থে 'বিদ্রোহ' ত্যাগ স্বতন্ত্র প্রার্থীর
দিনাজপুরের বিরামপুরে পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান পল্লবী সিনেমা হলে অনুষ্ঠিত কর্মিসভায় নেতা-কর্মীদের পরামর্শে হুমায়ুন কবির এ সিদ্ধান্ত নেন।
জেলা বিএনপির খাদ্য ও কৃষি-বিষয়ক সম্পাদক তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মিসভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হাইয়ের সঞ্চালনায় কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, পৌর বিএনপির সাবেক সভাপতি মশকুরুল হক, জোতবানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নূরে আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে তোছাদ্দেক হোসেন দলীয় মনোনয়ন না পাওয়ার পরও হুমায়ুন কবিরের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে তৃণমূল নেতা-কর্মীদের কাছ থেকে লিখিত ও মৌখিক মতামত চান। উপজেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেনসহ কয়েকজন নেতা-কর্মী বলেন, গত পাঁচ বছরে বর্তমান বিএনপি-মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আজাদুল ইসলামের কর্মকাণ্ডে তাঁরা সন্তুষ্ট নন। দলীয় নেতা-কর্মীদেরও কোনো মূল্যায়ন করেননি। তবু তাঁদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়।
এর আগের উপজেলা নির্বাচনে দল থেকে দুজন প্রার্থী থাকায় বিএনপির প্রার্থী জয়ী হতে পারেননি। পৌর নির্বাচনেও একই অবস্থা হবে। দলের এ দুঃসময়ে দুজনের প্রার্থীর নেতা-কর্মীরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। নির্বাচনী প্রচারণাতেও এর প্রভাব পড়ছে। এ অবস্থায় কোনোভাবেই দলীয় প্রার্থী বিজয়ী হতে পারবেন না। এতে দলের অস্তিত্ব আরও হুমকির মুখে পড়বে। বিভক্তির কারণে ব্যক্তি আজাদ নয়, পরাজিত হবে দল।
পরে উপস্থিত নেতা-কর্মীরা বলেন, ধানের শীষকে বিজয়ী করতে তাঁরা ব্যক্তি আজাদের পক্ষে মাঠে কাজ করবেন।
হুমায়ুন কবির বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের অনুপ্রেরণায় বিরামপুরের নতুন নেতৃত্বের প্রয়োজনেই তিনি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন্দ্রের সিদ্ধান্ত মেনে ধানের শীষকে বিজয়ী করতে ও তৃণমূল নেতা-কর্মীদের মতামত নিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।