দলের ‘বিষফোড়া’ শামীম, শামীমের যন্ত্রণা ভাই
অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ থেকে টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে বর্তমান পৌর মেয়র সানোয়ার হোসেনকে (দোয়াত-কলম) দলীয় সমর্থন দেওয়া হয়। কিন্তু একই দলের সখীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও মুজিব ডিগ্রি কলেজের শিক্ষক মীর জুলফিকার শামীম (কাপ-পিরিচ) বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। ফলে কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এদিকে জুলফিকার শামীমের হয়েছে আরেক সমস্যা। তাঁর আপন চাচাতো ভাই মীর গোলাম হোসেন মেয়র পদে নির্বাচন করছেন। ফলে সানোয়ার ও জুলফিকার শামীম দুজনের অবস্থাই নড়বড়ে। জানা গেছে, সময়মতো নির্বাচন না হওয়ায় বর্তমান মেয়র ও জনতা লীগের জেলা যুববিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন সাড়ে আট বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করছেন। তিনি এবারও দলের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন। এদিকে এবারের পৌর নির্বাচনে জনতা লীগের স্থানীয় নেতা-কর্মীরা পৌর জনতা লীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকারকে মেয়র পদে সমর্থন দেওয়ায় স্থানীয় নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। দলের বিদ্রোহী প্রার্থী মীর জুলফিকার এখন নাগরিক ফোরামের প্রার্থী হিসেবে রূপান্তরিত হয়েছেন। দলটির একাধিক নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দলের দুই প্রার্থীকে একত্র করতে ব্যর্থ হয়েছেন কাদের সিদ্দিকী। ফলে দলকে এর খেসারত দিতে হবে। কৃষক শ্রমিক জনতা লীগ যখন দলাদলিতে ব্যস্ত, তখন সুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী আবু হানিফ আজাদ (চশমা) ও বিএনপি সমর্থিত প্রার্থী খলিলুর রহমান (তালা)।বর্তমান মেয়র সানোয়ার হোসেন বলেন, ‘আমি দল থেকে সমর্থন নিয়েছি। শামীমের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’ মীর জুলফিকার বলেন, ‘দলের অধিকাংশ নেতা-কর্মী আমার পক্ষে নির্বাচনে কাজ করছেন।’