দশ কদমে বিশ্রাম নিতে হয় দুবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জন্য যুদ্ধ করে জয়ী হয়েছেন। তবে জীবনযুদ্ধে তিনি এক পরাজিত সৈনিক। নাম তাঁর হাশেম আলী (৬০)। বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে।তাঁর শরীরে জটিল রোগ বাসা বেঁধেছে। এখন কোনো কাজ তো দূরে থাক, চলাফেরা করতেও সমস্যা হয়। ১০ কদম হাঁটলে দুবার বিশ্রাম নিতে হয়। অর্থের অভাবে তাঁর চিকিৎসা হচ্ছে না।এই মুক্তিযোদ্ধা জানান, পড়াশোনা বেশি দূর এগোয়নি। বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় ছোটবেলাতেই লাঙল-জোয়াল হাতে উঠেছিল। যুদ্ধে যাওয়ার সময় তাঁর বয়স ছিল ১৯ বছর। যুদ্ধ শেষে বাড়ি ফিরে অন্যের খেতে শ্রম দিয়ে সংসার চালাতেন। তাঁর দুই সন্তান, তাঁরাও অন্যের খেতে মজুরি খাটেন। ২০০৯ সাল থেকে তিনি দুই হাজার টাকা মুক্তিযোদ্ধা সমঞ্চানী ভাতা পাচ্ছেন।হাশেম আলী জানান, দুই বছর আগে থেকে তাঁর মাথায় যন্ত্রণা ও বুকে ব্যথা শুরু হয়। ক্রমেই তাঁর শরীর দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে কাজ করার ক্ষমতা হারান। এমনকি হাঁটা-চলাও ঠিকমতো করতে পারেন না। এই অবস্থায় তিনি যশোরে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর হূদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। অস্ত্রোপচার দ্রুত করা দরকার। এর জন্য এক লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই টাকা তাঁর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। কারণ, ভিটা-বাড়িটুকু ছাড়া আর কোনো জমিজমা নেই। এ অবস্থায় এক বছর ধরে বিনা চিকিৎসায় আছেন তিনি।স্থানীয় কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সেকেন্দার আলী মোল্লা জানান, হাশেম আলী খুবই দরিদ্র। তাঁর চিকিৎসা হওয়া জরুরি। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসা আটকে আছে।