দশ জনকে কামড়ানো কুকুরটিকে মেরে ফেলা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খোর্দ্দ গহিরা গ্রামে আজ মঙ্গলবার কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধাসহ ১০ জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে মেরে ফেলে। 

স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইসমাইল জানান, খোর্দ্দ গ্রামে অন্তত দশজন কুকুরে কামড়ে আহত হয়েছেন। আবু সালেহ নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে একটি কুকুর লোকজনকে কামড়াতে শুরু করে। এ সময় বুলু আক্তার (১৬), তানভির (১২), রিফাত (৭), বাচ্চু আক্তার (৩৫), সাবিয়া আক্তার (১০), আলমগীরসহ (৪০) অন্তত দশজন কুকুরের কামড়ে আহত হন। তাদের মধ্যে বুলু, তানভির ও রিফাতকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু ভ্যাকসিন না থাকায় তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে কুকুরটিকে মেরে ফেলা হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লক্ষ্মীপদ দাশ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে আহত তিন রোগী আসে। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফৌজদার হাট বিশেষায়িত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।