দশ টাকায় ব্যাংক হিসাব খুলতে গিয়ে কৃষকেরা প্রতারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের কৃষকদের হিসাব খুলে দেওয়ার নামে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। এ নিয়ে গত রোববার দুপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। রাতে অভিযুক্ত এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, গত ৬ মার্চ যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৩ হাজার ৭০৯ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য দুই লাখ ৩৭ হাজার ৯০ টাকা নিজে বহন করার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী মন্ত্রী ওই টাকা জনতা ব্যাংকের দুটি ও কৃষি ব্যাংকের একটি শাখায় জমা দেন। দুটি ব্যাংকে কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও নবগ্রাম ইউনিয়নের জনতা ব্যাংক শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। মাঠ কর্মকর্তা ডেভিট বিশ্বাস স্থানীয় দালাল ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্বপন মল্লিকের মাধ্যমে ওই ইউনিয়নের দুই হাজার ৬০২ জন কৃষকের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট করার কথা বলে ফরমপ্রতি ২০-৪০ টাকা নেন। অথচ কৃষকদের অ্যাকাউন্ট খুলতে ১০ টাকার বেশি লাগার কথা না। সেখানে কালকিনিতে কৃষকদের সেই টাকাটাও মন্ত্রী নিজেই দিয়ে দিয়েছেন। তাই এ উপজেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কোনো টাকাই লাগার কথা নয়। প্রতারণার স্বীকার গোলক মণ্ডল, হিতেন হালদার, অরুন হালদার, শান্তি মল্লিক, অমল মল্লিক, কালাই হালদারসহ অনেক কৃষক অভিযোগ করেন, জনতা ব্যাংকের কৃষি কর্মকর্তা ডেভিট বিশ্বাস নবগ্রামের স্বপন মল্লিক নামের এক ব্যক্তির মাধ্যমে তাঁদের কাছ থেকে ফরমপ্রতি ২০-৪০ টাকা করে আদায় করেছেন। তাঁরা ফরম চাইলে নেই বলে জানানো হয়। অথচ টাকা দিলেই ফরম মেলে। প্রতারিত কৃষকেরা বিষয়টি উপজেলা আওয়ামী লীগের নেতাদের জানান। নেতারা কৃষকদের নিয়ে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে গত রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, যুবলীগের সভাপতি মনির হাওলাদার প্রমুখ। তাঁরা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে যুবলীগের সভাপতি মনির হাওলাদার বাদী হয়ে কালকিনি থানায় মামলা করেন। রোববার রাতে জনতা ব্যাংকের কৃষি কর্মকর্তা ডেভিট বিশ্বাসকে গ্রেপ্তার করে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান গত রোববার একটি দল নিয়ে নবগ্রামে যান এবং তদন্ত শেষে সাংবাদিকদের বলেন, অভিযোগের সত্যতা মিলেছে। দ্রুত দোষী ব্যক্তিদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কৃষকদের সঙ্গে প্রতারণা কোনো মতেই সহ্য করা হবে না।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকা থেকে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।