নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দশ দফা দাবিতে উপাচার্যের দপ্তরে শিক্ষকদের অবস্থান
১০ দফা দাবিতে গতকাল বুধবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দপ্তরে সাত ঘণ্টা অবস্থান করেছেন শিক্ষক সমিতির নেতারা। আজ বৃহস্পতিবার আবারও ওই দপ্তরে অবস্থান করার ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।
শিক্ষক সমিতি সূত্রের ভাষ্য অনুযায়ী, ক্যাম্পাসে শিক্ষকদের ইন্টারনেট-সুবিধা, পরিবহন পরিচালক নিয়োগ, এক শিক্ষকের ওপর থেকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে এর আগেও একাধিকার ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। কিন্তু তিনি দাবি বাস্তবায়নে কালক্ষেপণ করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর সরকার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুশফিকুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বেলা দুইটায় ভারপ্রাপ্ত উপাচার্যের দপ্তরে গিয়ে দাবি উত্থাপন করেন। এ সময় শিক্ষক সমিতির নেতারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দেন।
শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর সরকার বলেন, রাত নয়টা পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য দাবি পূরণের আশ্বাস দেননি। এরপর তাঁরা দপ্তর থেকে বের হয়ে আসেন। বৃহস্পতিবার তাঁরা একই দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্যের দপ্তরে অবস্থান নেবেন।
ভারপ্রাপ্ত উপাচার্য আবুল হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতির নেতারা তাঁদের বিভিন্ন দাবিদাওয়া তাঁর কাছে পেশ করেছেন। এর মধ্যে কিছু দাবির সঙ্গে তিনি একমত হতে পারছেন না। আবার কিছু দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা তা মানছেন না।