দশ প্রবাসী পেলেন সিআইপি কার্ড
অনাবাসী বাংলাদেশি (এনআরবি) হিসেবে অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে দশজনের হাতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) কার্ড দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম।
এ দশ সিআইপি হলেন- আরব আমিরাত প্রবাসী মাহতাবুর রহমান, অলিউর রহমান ও আবুল কালাম, ওমান প্রবাসী কামাল পাশা, শাহজাহান মিয়া ও সাজেদা নুর বেগম, ইতালিপ্রবাসী মোহাম্মদ ইদ্রিছ, জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন ও ওহিদ মোল্লা এবং বাহরাইন প্রবাসী শফি উদ্দিন।
২০১৪ সালের জন্য সিআইপি এ কার্ড দেওয়া উপলক্ষে আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘প্রবাসী আয় দেশের অর্থনীতিকে সচল রাখছে। ২০১৫ সালের প্রবাসী আয় মোট জাতীয় উৎপাদনের প্রায় ১৩ শতাংশ। প্রবাসী বাংলাদেশি এবং প্রবাসী কর্মীদের এ অসামান্য অবদানের বিষয়টি আজ সর্বজন স্বীকৃত।’
এদিকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত আরেক অনুষ্ঠানে নুরুল ইসলাম বলেন, ‘এক কোটি প্রবাসী কর্মীর কল্যাণের কাজটি আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে হবে। প্রবাসী কর্মীদের জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ নিতে হবে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার উপস্থিত ছিলেন।