এসএসসিতে গ্রেডিং পদ্ধতি চালুর ১০ বছরের মধ্যে এবারই কুমিল্লা শিক্ষা বোর্ডে সেরা ফল হয়েছে। পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫-এর সংখ্যা। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। আর গতবারের মতো এ বছরও মেয়েদের তুলনায় ছেলেরা ভালো ফল করেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২০১১ সালে এ বোর্ড থেকে এক লাখ ১৬ হাজার ৫৬৫ জন পরীক্ষা দিয়ে ৯৯ হাজার ৭৫৭ জন কৃতকার্য হয়েছে। কৃতকার্যদের মধ্যে ৪৯ হাজার ৩৯৫ জন ছেলে এবং ৫০ হাজার ৩৬২ জন মেয়ে। পাসের হার ৮৫ দশমিক ৮৫। এর মধ্যে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক শূন্য ৩, মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৯৪ শতাংশ। এ বছর বিজ্ঞান বিভাগে ২১ হাজার ৮১ জন পরীক্ষা দিয়ে ১৯ হাজার ৫৬৯ জন কৃতকার্য হয়েছে। বিজ্ঞানে পাসের হার ৯২ দশমিক ৯৯। মানবিকে ২৩ হাজার ৩৭৯ জন পরীক্ষা দিয়ে ১৭ হাজার ৪২৫ জন কৃতকার্য হয়। পাসের হার ৭৪ দশমিক ৯০ শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখায় ৭২ হাজার ১০৫ জন পরীক্ষা দিয়ে ৬২ হাজার ৭৭৩ জন কৃতকার্য হয়। পাসের হার ৮৭ দশমিক ৩০ শতাংশ।এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৯৮১ জন। এর মধ্যে তিন হাজার ৫৩৬ জন ছেলে এবং দুই হাজার ৪৪৫ জন মেয়ে। বিজ্ঞানে চার হাজার ৫০৫ জন, মানবিকে ১১৭ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় এক হাজার ৩৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক শূন্য ৩। এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৮২ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ৮৬৩ জন। এবার আরও ১১৮ জন বেশি জিপিএ-৫ পেয়েছে। জানতে চাইলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমীর আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, অভিভাবকদের নজরদারি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমবেত প্রচেষ্টা, পঠন-পাঠনে কৌশলী চেষ্টা আর সিলেবাসভীতি না থাকার কারণে এ ফল হতে পারে। শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান: এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৫৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১২টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। গত বছর ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ছিল। ২০০৯ সালে সেই সংখ্যা ছিল ৪৫। এ বোর্ডের আওতাভুক্ত ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। উভয় প্রতিষ্ঠান বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। ছেলেরা এগিয়ে: পাসের হার ও জিপিএ-৫-এর দিক থেকে এ বছর মেয়েদের তুলনায় ছেলেরা ভালো ফল করেছে। তবে মানবিক শাখায় ছেলেদের চেয়ে মেয়েরা তিন গুণ বেশি জিপিএ-৫ পেয়েছে। এবার বিজ্ঞানে পাসের হার ৯২ দশমিক ৯৯। এর মধ্যে ছেলেদের ৯৪ দশমিক ৫১, মেয়েদের ৯০ দশমিক ৮৯। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৯৬টি, মেয়েরা পেয়েছে এক হাজার ৭০৯টি। ছেলেরা এক হাজার ৮৭টি বেশি জিপিএ-৫ পেয়েছে। মানবিকে পাসের হার ৭৪ দশমিক ৯০। এর মধ্যে ছেলেদের ৭৯ দশমিক ১৯, মেয়েদের ৭৩ দশমিক ৮৪। জিপিএ-৫ মেয়েরা ৮৭টি, ছেলেরা ৩০টি। ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ৮৭ দশমিক ৩০। ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ৪৮, মেয়েরা ৮৫ দশমিক ৯৪। জিপিএ-৫ ছেলে ৭১০ জন, মেয়ে ৬৪৯ জন। কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, ‘শহরাঞ্চলে এসএসসি পর্যায়ের মেয়েদের মুঠোফোন ব্যবহারের প্রবণতা আর গ্রামাঞ্চলে দক্ষ শিক্ষকের অভাব ও অভিভাবকদের নজরদারি কম থাকায় মেয়েরা পিছিয়ে পড়ছে।’ সার্বিক ফলে সন্তোষ প্রকাশ করে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা থাকার কারণে এবার কুমিল্লায় ভালো ফল হয়েছে।