দশ বছরেও শেষ হয়নি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ বছরেও শেষ হয়নি নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) লালমনিরহাটে সিরিজ বোমা বিস্ফোরণ মামলাটি। এরই মধ্যে মামলার ১৩ সাক্ষীর মধ্যে আদালত আটজন সাধারণ এবং একজন তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেছেন। লালমনিরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত আগামী ২৬ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
সদর থানা ও আদালতের একাধিক সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সকালে সারা দেশের ৬৩ জেলায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন জেএমবি। এই একযোগে বোমা হামলার অংশ হিসেবে লালমনিরহাটের আদালত চত্বর ও রেলস্টেশন এলাকায় ছয়টি স্থানে বেশ কিছু বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে দেশ জুরে হতাহতের ঘটনা ঘটে।
সারা দেশের মতো লালমনিরহাটেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই দিনই লালমনিরহাট সদর থানা-পুলিশের তৎকালীন এসআই আলতাব হোসেন অজ্ঞাতনামাদের আসামি করে লালমনিরহাট সদর থানায় ২০০৮ সালের বিস্ফোরক আইনসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ২৯ অক্টোবর ঠাকুরগাঁও জেলার কাশেয়া গ্রামের আবদুল জলিল মিয়ার ছেলে মনিরুজ্জামান ইকবাল ওরফে সেলিম ও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বৈরাতি গ্রামের সমশের আলীর ছেলে মোস্তাফিজার ওরফে মোস্তাক মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষ দুটি অভিযোগপত্রের বিরুদ্ধেই আবার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে নারাজির আবেদন করে।
এরপর ২০০৭ সালের ২১ জুলাই আগে দাখিল করা অভিযোগপত্রভুক্ত দুই আসামি ও চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উপজেলার দেবীনগর গ্রামের দাউদ উদ্দিনের ছেলে সাদিকুল ইসলাম মিলিয়ে তিনজনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
লালমনিরহাটের পুলিশ পরিদর্শক (আদালত) এসআই সোলায়মান আলী, এসআই তানভির ইসলাম এবং লালমনিরহাট সদর থানার এএসআই আনোয়ার হোসেন বলেন, অভিযোগপত্রভুক্ত তিন আসামির মধ্যে দুজন মোস্তাফিজার এবং মনিরুজ্জামান পাঁচ বছর ধরে লালমনিরহাট জেলা কারাগারে আছেন। অপর আসামি সাদিকুল ইসলাম মামলার শুরু থেকেই পলাতক। সাদিকুল, মনিরুজ্জামান ও মোস্তাফিজার প্রতিবেশী জেলা নীলফামারীর অপর এক মামলায় পঞ্চাশ বছরের সাজাপ্রাপ্ত। সিরিজ বোমাহামলা মামলার তারিখ আগামী ২৬ আগস্ট আবার ধার্য হয়েছে।