দশ মাস বেতন নেই
দৌড়ে এক কক্ষ থেকে আরেক কক্ষে যাচ্ছেন নথিপত্র নিয়ে, অফিসের সব দাপ্তরিক কাজ করছেন, কর্মকর্তাদের সব ফরমাশ পালন করছেন, কিন্তু ১০ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। তার ওপর এখন যুক্ত হয়েছে চাকরি হারানোর শঙ্কা।
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদে কাজ করা ১০৪ জন কর্মকর্তা-কর্মচারী পড়েছেন এ পরিস্থিতিতে। মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করলেও তাঁরা প্রেষণে আসেন মুক্তিযোদ্ধা সংসদ থেকে। মুক্তিযোদ্ধা সংসদকে দেখভাল করে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়। ২০০২ সালে এই মন্ত্রণালয় গঠনের পর চাহিদার ভিত্তিতে তাঁদের মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে তাঁদের চাকরি রাজস্ব খাতে নেওয়া হয়নি। এই ১০৪ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ হলেও এখন তাঁদের দায়িত্ব নিতে চাইছে না মন্ত্রণালয় বা মুক্তিযোদ্ধা সংসদের কেউ। মন্ত্রণালয় বলছে, তাঁরা সংসদের নিয়োগ দেওয়া। আর সংসদ বলছে, তাঁরা কাজ করছেন মন্ত্রণালয়ে, তাই মন্ত্রণালয় টাকা না দিলে তাঁদের বেতন হবে কীভাবে।
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা অর্থ মন্ত্রণালয়ে দুই কোটি টাকা বরাদ্দ চেয়ে আধা সরকারি পত্র পাঠিয়েছি। বরাদ্দ পেলে এই কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। এরপর এই কর্মচারীদের নিয়ে কী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মুক্তিযোদ্ধা সংসদ।’ মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ২০০২ সালে এই মন্ত্রণালয় গঠনের পর জনবল কম থাকায় মুক্তিযোদ্ধা সংসদ থেকে লোক চাওয়া হয়। এরপর বিভিন্ন সময় সেখান থেকে এই কর্মচারীদের প্রেষণে মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। ১০৪ জনের একজন মুক্তিযুদ্ধ সনদ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিই। কাজে কোনো গাফিলতি নেই। এরপরও কেন আমাদের বেতন-ভাতা বন্ধ করা হলো, তা আমরা জানি না। প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে প্রেষণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের শুরু থেকে কাজ করে জীবনের শেষ প্রান্তে এসে হঠাৎ বেতন বন্ধ করে দেওয়ায় অসহায় হয়ে পড়েছি।’ মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান বলেন, মুক্তিযোদ্ধা সংসদের কর্মচারীদের বেতন দিতে হাটবাজারের ইজারার অংশের টাকা সংসদকে দেওয়া যাবে না। নীতিমালা অনুযায়ী এ টাকা দেওয়ার কথা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কল্যাণে, চিকিৎসা, শিক্ষার জন্য। বেতনের জন্য নয়।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, ‘সরকার টাকা না দিলে আমি কোথা থেকে এই কর্মচারীদের বেতন দেব। ওরা মন্ত্রণালয়ে কাজ করছে, ওদের ভালো-মন্দ দেখার দায়িত্ব মন্ত্রণালয়েরই।’