দশ মাস সময় দিয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় আবাসিক প্লটে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা স্থাপনা বাণিজ্যিক হিসেবে ব্যবহারের জন্য রাজউক থেকে অনুমতি নিতে ১০ মাস সময় দেওয়া হয়েছে। পৃথক ২৩৬টি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার রায় দেন। রুল নিষ্পত্তি করে এ রায় দেওয়া হয়।

আদালত বলেছেন, ১০ মাস সময় দেওয়া হচ্ছে, শ্রেণি পরিবর্তনের (বাণিজ্যিক হিসেবে) জন্য যথাযথ ফি দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে আবেদন করতে পারবেন। আবেদন বিবেচিত না হলে ১০ মাস পর রাজউক আইন অনুসারে ব্যবস্থা নেবে।

আদালতে রাজউকের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, ইদ্রিসুর রহমান, আহসানুল করিম, এ বি এম আলতাফ হোসেন, আলী আসিফ খান প্রমুখ।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, এসব ব্যবসাপ্রতিষ্ঠানকে আগামী ১০ মাসের ভেতর সরিয়ে ফেলার জন্য হাইকোর্ট সময় দিয়েছেন। এই ১০ মাসের ভেতর আবাসিক এলাকা থেকে তাদের প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে হবে। এই ১০ মাসের ভেতরে তারা যদি রাজউকের কাছে দরখাস্ত করে, তাদের প্রতিষ্ঠান যেমন আবাসিক এলাকায় যদি কোনো হোটেল স্থাপিত হয়ে থাকে এবং তারা যদি দরখাস্ত করে যে এটিকে তারা আবাসিক এলাকাতে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে চালাতে চায়, নিয়ম অনুযায়ী প্লট মালিক কনভার্সন (রূপান্তর) ফি দিয়ে আবেদন করতে পারে। তবে তা গ্রহণ করা হবে কি না, তা রাজউকের বিবেচ্য বিষয়।

তবে রিট আবেদনকারী গুলশানের একটি হোটেল মালিকের আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, রিট আবেদনসংশ্লিষ্ট এসব ভবন মালিকদের আবাসিক থেকে বাণিজ্যিক ভবনে রূপান্তরের জন্য রাজউকের কাছ থেকে অনুমতি নিতে ১০ মাস সময় দিয়েছেন আদালত। এই সময়ে ভবনমালিকেরা আবেদন করতে পারবেন। আবেদন করলে রাজউককে তা বিবেচনা করতে বলা হয়েছে। অনুমতি না পেলে এসব ভবনে থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনার বিষয়ে রাজউক আইন অনুসারে পদক্ষেপ নেবে। রিট আবেদনকারী প্রতিষ্ঠান এই সময়ে ব্যবসায়িক কর্মকাণ্ড চালাতে পারবে। এটি কেবল রিট আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে আরেক রিট আবেদনকারী গুলশান অলিভ গার্ডেন রেস্টুরেন্ট মালিকের আইনজীবী এ বি এম আলতাফ হোসেন বলেন, গুলশান, বনানী, ধানমন্ডিসহ ঢাকার বিভিন্ন এলাকার আবাসিক প্লট থেকে অননুমোদিত এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে মালিকপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। ১০ মাসের মধ্যে মালিকেরা স্থাপনা সরিয়ে না নিলে রাজউক নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালাতে পারবে।

বনানীর এক আবাসিক প্লটে রেস্টুরেন্ট ব্যবসায়ী আরেক রিট আবেদনকারীর আইনজীবী আলী আসিফ খান বলেন, আবাসিক থেকে বাণিজ্যিক হিসেবে ব্যবহারের জন্য রাজউক থেকে অনুমোদন নিতে আবাসিক প্লট মালিকদের ১০ মাস সময় দিয়েছেন আদালত। এই ১০ মাস ডেসকো, তিতাস, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিট আবেদনকারীদের ব্যাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনায় কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে পারবে না। ১০ মাস পর রাজউক আইন অনুসারে পদক্ষেপ নিতে পারবে বলা হয়েছে।

গত বছরের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হন। এরপর অনুমোদনবিহীন ৫৫২টি প্রতিষ্ঠানের তালিকা করে সেগুলো উচ্ছেদের জন্য কার্যক্রম শুরু করে রাজউক। এ কার্যক্রমের বৈধতা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান হাইকোর্টে পৃথক দুই শতাধিক রিট করে।