দশ লাখ টাকার চিংড়ি পোনা কর্ণফুলীতে
নগরের পাহাড়তলী থানাধীন অলংকার এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকার বাগদা ও গলদার পোনা জব্দ করার পর কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবীর নেতৃত্বে মৎস্য বিভাগের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে পোনাগুলো জব্দ করে। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে গোপন খবরের ভিত্তিতে মৎস্য বিভাগের কর্মকর্তারা পাহাড়তলী থানা-পুলিশের সহযোগিতায় একটি যাত্রীবাহী বাস ও দুটি মিনি ট্রাক থেকে পাতিল ও ড্রামভর্তি প্রায় ১০ লাখ পোনা জব্দ করে। পোনা সংগ্রহকারীরা আগেই পালিয়ে যাওয়ায় জড়িত কাউকে আটক করা যায়নি।গতকাল শুক্রবার ভোরে পোনাগুলো কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়। অভিযানে সম্পর্কে জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবী প্রথম আলোকে বলেন, ‘চিংড়ির পোনাগুলো বাঁশখালী উপজেলার বড়ঘোনা এলাকার প্রাকৃতিক জলাশয় থেকে সংগ্রহ করে আনা হয়েছে। চট্টগ্রামের বাইরে বিক্রির জন্য পোনাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। মৎস্য আইনে প্রাকৃতিক উৎস থেকে থেকে চিড়িং পোনা আহরণ নিষিদ্ধ। তাই আমরা অভিযান চালিয়ে পোনাগুলো জব্দ করি।’