দশক ধরে অপেক্ষায় থাকা ৩ বন্দীর নথি তলব
পৃথক মামলায় এক দশকের বেশি সময় ধরে কারাগারে থাকা তিন বন্দীর মামলার নথি তলব করেছেন হাইকোর্ট। এসব বন্দী বিচার শেষ হওয়ার আশায় দিন গুনছেন। আগামী ৫ মার্চের মধ্যে কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম আদালতে এসব নথি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হবে।
আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কক্সবাজার জেলা কারাগারে বিচার শেষ না হওয়া পৃথক মামলায় চার বন্দীর এক দশকের বেশি সময় কারাগারে থাকার তথ্য গত সোমবার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী কুমার দেবুল দে। সেদিন শুনানি নিয়ে আদেশের জন্য আজকের দিন রাখেন আদালত। এর ধারাবাহিতায় আজ আদেশ দেন আদালত।
কুমার দেবুল প্রথম আলোকে বলেন, চার বন্দীর মধ্যে একজনের জেলার নামে ত্রুটি থাকায় তা সংশোধন করতে বলেছেন আদালত। ছানি ওরফে লিটনের বিষয়টি আগামীকাল বৃহস্পতিবার আসবে।
আইনজীবীর কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে হত্যা, অস্ত্র ও দণ্ডবিধিতে করা পৃথক তিন মামলায় ২০০৫ সালের ২১ মে থেকে আবুল কাশেম কক্সবাজারের জেলা কারাগারে আছেন। একটি হত্যা মামলায় মোস্তাক আহং ২০০৬ সালের ২৩ মার্চ থেকে কারাগারে আছেন। অপর একটি হত্যা মামলায় নুরুল ইসলাম ২০০৩ সালের ১৮ এপ্রিল থেকে কক্সবাজারের জেলা কারাগারে আছেন। এ ছাড়া দণ্ডবিধিতে করা এক মামলায় সানি ওরফে লিটন ২০০৬ সালের ১১ অক্টোবর থেকে কারাগারে আছেন।