দশক পেরোলেও ২০ বন্দীর কেন জামিন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার শেষ না হওয়া বিভিন্ন অভিযোগে পৃথক মামলায় এক দশকের বেশি সময় কারাগারে থাকা ২০ ব্যক্তিকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ সংশ্লিষ্ট মামলাগুলোর নথি তলব করেছেন।
সিলেট ও খুলনা বিভাগের কারাগারে দীর্ঘদিন ধরে ১০ বন্দী থাকার বিষয়টি গত রোববার হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেলভুক্ত এক আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। পাশাপাশি ১০ জনকে ২৩ ফেব্রুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান প্যানেল আইনজীবী সৈয়দা সাবিনা আহমেদ মলি।
আইনজীবীর কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে এই ১০ জনের মধ্যে হত্যা মামলায় মৌলভীবাজারের ফারুক হোসেন ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার সেলিম মিয়া ২০০৫ সালের ২১ এপ্রিল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে, একই কারাগারে ২০০৩ সালের ৩ মার্চ থেকে রাজু জগনাথ ও ২০০৩ সালের ৪ জুলাই থেকে বশির উদ্দিন আছেন। বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় ২০০৫ সালের ২৬ ডিসেম্বর থেকে হাবিবুর রহমান, ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর থেকে মনিরুজ্জামান মুন্না, ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর থেকে নাসির উদ্দিন এবং ওই বছরের ১৩ সেপ্টেম্বর থেকে গিয়াসউদ্দিন সাতক্ষীরা জেলা কারাগারে আছেন। এ ছাড়া হত্যা মামলায় মো. হায়দার আলী ১৯৯৮ সালের ১০ মার্চ থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আছেন। আরেকটি হত্যা মামলায় ২০০৬ সালের ২৯ অক্টোবর থেকে মো. রফিকুল ইসলাম রাজা পিরোজপুর জেলা কারাগারে আছেন।
ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা (একাংশ) বিভাগের বিভিন্ন কারাগারে এক দশকের বেশি অপর ১০ জন বন্দী থাকার বিষয়টি গত রোববার আদালতের নজরে আনেন লিগ্যাল এইড কমিটির আরেক প্যানেল আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১০ জনের জামিন প্রশ্নে স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। এই ১০ জনের মধ্যে ৫ জনকে ২৬ ফেব্রুয়ারি এবং অপর ৫ জনকে ২৮ ফেব্রুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান প্যানেল আইনজীবী আনিচ উল মাওয়া।
আইনজীবীর কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে ২০০৪ সালের ১৮ মে থেকে পৃথক দুই মামলায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আছেন নজরুল ইসলাম, হত্যা মামলায় ২০০৫ সালের ১০ মার্চ থেকে একই কারাগারে আছেন সিরাজ, হত্যা মামলায় ২০০৬ সালের ৫ সেপ্টেম্বর থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আছেন আলম মিয়া। বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় ২০০৬ সালের ১২ ডিসেম্বর থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন মতিউর, একটি হত্যা মামলায় একই কারাগারে ২০০৬ সালের ১৩ মে থেকে আছেন ফয়েন। আরেকটি হত্যা মামলায় ২০০৪ সালের ১৫ এপ্রিল থেকে কাইলা কালাম পাবনা জেলা কারাগারে আছেন। ২০০৫ সালের ১৮ অক্টোবর থেকে মো. আবদুল খালেক একটি হত্যা মামলায় নাটোর জেলা কারাগারে আছেন। নারী শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় ২০০৫ সালের ২২ জুলাই থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আছেন অপূর্ব দাশ। বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় ২০০৩ সালের ১৬ আগস্ট থেকে মো. তৈয়ব শেখ এবং আরেকটি মামলায় ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি থেকে মো. সুমন খুলনা জেলা কারাগারে আছেন।