আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের সাফল্যের পাশাপাশি কিছু ভুল ও ব্যর্থতাও আছে। ১০টি ভালো কাজকে একটি মন্দ কাজ ম্লান করে দিতে পারে—এটা মনে রাখা দরকার। দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। ক্ষমতায় থাকলে ভালো-খারাপ কোনোটার দায় এড়াতে পারব না।’ গতকাল শনিবার সকালে ফেনী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে ঘটে যাওয়া একুশে আগস্টের গ্রেনেড হামলা, আহসান উল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনাগুলোর স্মৃতি খুব বেশি দিন আগের নয়। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় বলেই এ সরকারের আমলে বিএনপি জোটের কোনো এমপিকে হত্যাকাণ্ডের শিকার হতে দেয়নি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।জনগণ ফুলের সৌরভ চায় না নোয়াখালী অফিস জানায়, ওবায়দুল কাদের গতকাল বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বলেন, পঞ্চম সংশোধনীর ব্যাপারটি খালেদা জিয়ার জন্য স্পর্শকাতর এবং তাঁর একটু অন্তর্জ্বালাও আছে। খালেদা জিয়া মনে হয় ভুলে গেছেন, বিচারপতি খায়রুল হক বিগত বিএনপি-জামায়াত সরকারের সময় হাইকোর্টের বিচারপতি থাকাকালে এ রায় দিয়েছেন। বর্তমান সরকারের সময়ে সেই রায়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুধু বহাল রাখা হয়েছে। বিচারপতি খায়রুল হক যদি সম্পদ, পদবি অথবা কোনো প্লটের লোভে এটি করবেন, তাহলে সেটি বিএনপির আমলেই হওয়ার কথা। ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ভালো উন্নয়নে কাজ হবে না, যদি আমরা জনগণের সাথে ভালো আচরণ না করি। জনগণ ফুলের সৌরভ চায় না, চায় উন্নয়নের সৌরভ। তোরণ, ফুল ও সংবর্ধনা কিছুই থাকবে না। এসবে আসনও আনবে না, ভোটও আনবে না।’কবিরহাট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মফিজ উল্লার সভাপতিত্বে নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় বিশেষ অতিথি ছিলেন কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দুই যুগ্ম সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন ও আবদুল মমিন, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুুল ওয়াদুদ, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক প্রমুখ।