দশম অধিবেশন শুরু, চলবে ৯ মার্চ পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হয়েছে। বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু। এটি এ বছরের প্রথম অধিবেশন। সংসদ চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।

অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে স্বাগত এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান। এরপর স্পিকার বর্তমান সংসদের সাংসদ মনজুরুল ইসলাম, সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, সাবেক গণপরিষদ সদস্য আবুল হোসেন, আবদুল হাকিম ও সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন।

এ ছাড়া ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাসেমি রাফসানজানি, ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা, সাবেক প্রধান বিচারপতি এস এম রুহুল আমিন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানা, নৃবিজ্ঞানী হেলাল উদ্দিন খান শামসুল আরেফিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি ও লেখক এবং ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এ ছাড়া রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত হয়ে, তুরস্কে ইস্তাম্বুলে বোমা হামলায়, নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে, মিসরের কায়রোতে গির্জায় বোমা হামলায়, জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাস মার্কেটে লরি হামলায় এবং দেশে বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

সংসদ চলবে ৯ মার্চ পর্যন্ত
সংসদের শুরু হওয়া অধিবেশন আগামী ৯ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য-উপদেষ্টা কমিটি। অধিবেশন শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটি এ সিদ্ধান্ত নেয়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে প্রয়োজনে অধিবেশনের সময় সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

কমিটির সদস্য সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধান হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন।