দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্তবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টের আয়োজক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
গতকাল মোহাম্মদপুর ইউল্যাবের মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান। বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব। উদ্বোধনী ম্যাচে ইউল্যাবের মুখোমুখি হয় ব্র্যাক ইউনিভার্সিটি। ম্যাচে ৯১ রানের জয় তুলে নেয় ইউল্যাব। ম্যাচসেরা হন বিজয়ী দলের আঞ্জুম আহমেদ। পুরো টুর্নামেন্টে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৮ ফেব্রুয়ারি। পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা এবং রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়োজকেরা বলেন, ২০০৬ সাল থেকে প্রতিবছর ফেয়ার প্লে কাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি। বিজ্ঞপ্তি