দশম জাতীয় সংসদ নির্বাচনের গেজেট ও শপথ নিয়ে রিট
দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট ও সদস্যদের শপথের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গতকাল রোববার পৃথক রিট হয়েছে।
নবম সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক রিট দাখিল করেন।
জয়নুল আবদিনের রিটে ৫ জানুয়ারির নির্বাচন বাতিল এবং নতুন করে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে।
জয়নুল আবদিনের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী নাসিরউদ্দিন আহমেদ অসীম। পরে তিনি প্রথম আলোকে বলেন, আবেদনটি শুনানির জন্য কাল (সোমবার) আদালতে উপস্থাপন করা হতে পারে।
এই রিটে ওই সংসদ নির্বাচনের ফলাফল-সংক্রান্ত ৮ জানুয়ারির গেজেট এবং এর ফলে সদস্যদের শপথ কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল বিচারাধীন থাকা অবস্থায় সংসদের অধিবেশন করা থেকে বিরত থাকা এবং সদস্যদের বেতন-ভাতাসহ পারিতোষিক প্রদান না করার আরজি রয়েছে। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, স্পিকারসহ আটজনকে বিবাদী করা হয়েছে।
রিটের যুক্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুসারে সংসদের মেয়াদ পাঁচ বছর। এই মেয়াদ ২৪ জানুয়ারি শেষ হবে। সংবিধানের ১২৩-এর ৩ অনুচ্ছেদ অনুসারে পূর্ববর্তী সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আগের সংসদ থাকবে। সংবিধানের ৭২(৩) অনুচ্ছেদ অনুসারে নবম সংসদের মেয়াদ শেষ হয়নি। ওই সংসদ ভেঙে দেওয়া হয়নি। সুতরাং, সংসদ রেখে আরেকটি সংসদ গঠন করা চলে না।
একই বিষয়ে নিয়ে করা অপর রিটে ওই গেজেটের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। ওই গেজেট এবং সদস্যদের শপথ গ্রহণ কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। এ ছাড়া পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে।